ইসলামাবাদ, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওসামা বিন লাদেনের স্ত্রী ও সন্তানরাসহ তার প্রায় ১০ জন আত্মীয়কে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা।
তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি। হেফাজতে থাকা লাদেনের এক মেয়ে ইতোমধ্যেই তার বাবাবে মার্কিন বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যেতে দেখেছেন বলে জানিয়েছেন।
মেয়েটির বয়স ১২ বা ১৩। অন্য আরো অনেকের মতো এই মেয়েটিও সোমবার মার্কিন কমান্ডো অভিযানে লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই গোয়েন্দা কর্মকর্তা।
তিনি বলেন, পাকিস্তানের আইনানুযায়ী লাদেনের এক স্ত্রীসহ ৮ সন্তানকে জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে যুক্তরাষ্ট্রে নয় বরং খুব সম্ভবত নিজ দেশে ফেরত পাঠানো হবে।
তিনি জানান, আমেরিকার পরিবহন বিমান এমএইচ-৬০ সী হক এ যান্ত্রিক গোলযোগের কারণে লাদেনের স্ত্রী ও সন্তানদের নিয়ে যেতে পারেনি যুক্তরাষ্ট্র।
তাছাড়া এতোজনকে নেওয়ার মতো জায়গা অন্যান্য হেলিকপ্টারগুলোতেও ছিলো না। যেগুলোতে করে লাদেনের মৃতদেহ ও ধরা পড়া অন্যান্যদের নিয়ে যাওয়া হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৮ ঘ.
bdnews24