কায়রো, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল ফাতাহ ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হামাস আগামী বছরের জাতীয় নির্বাচনের আগেই একটি সমঝোতা চুক্তি করেছে।
চুক্তি অনুযায়ী আগামী নির্বাচনের আগে দলদুটি একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে এবং নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। ফিলিস্তিনের বিবদমান এ দু'পক্ষের সমঝোতায় মিশর মধ্যস্থতা করে।
রাজনৈতিক এই দল দুটি চার বছর ধরে বিভক্ত হয়েছিল। তাদের বিবাদের ফলে ফিলিস্তিনও দুই ভাগে বিভক্ত হয়ে ছিল। এর একাংশে ছিল পশ্চিম তীর যা শাসন করতো ফাতাহ, অপর অংশ গাজা শাসন করত হামাস।
ইসরাইলের দখলদারিত্বে দেশটি আগে থেকেই এই দুই অংশে বিভক্ত হয়ে ছিল।
চুক্তি স্বাক্ষরের প্রায় সাথে সাথেই এক প্রতিক্রিয়ায় ইসরাইল বলেছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ একই সাথে হামাস ও ইসরাইলের সাথে শান্তি স্থাপন করতে পারে না।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, "আমি আশা করছি ফিলিস্তিন কর্র্তৃপক্ষ শান্তির জন্য সঠিক পক্ষকে নির্বাচন করবে আর তা হচ্ছে ইসরাইল।"
হামাস রাষ্ট্র হিশেবে ইসরাইলকে স্বীকার করে না। কয়েক বছর ধরে এরা ইসরাইলে বোমা হামলা ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে।
নেতানিয়াহুর বক্তব্য ফাতাহ ও হামাস উভয়েই প্রত্যাখ্যান করেছে।
চুক্তির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, ফিলিস্তিনের সম্মিলিত সরকারকে সহিংসতা বর্জনের ঘোষণা দিতে হবে এবং রাষ্ট্র হিসেবে ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে।
এপ্রিল মাসে গাজায় হাজার হাজার বিক্ষোভকারী দুই পক্ষের সমঝোতার দাবিতে বিক্ষোভ করে। তারা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরবদেশগুলোর সরকারবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে মিছিলে নামে।
২০০৬ সালে ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে হামাস জয়লাভ করলে বিভক্তির সূচনা হয়। ফাতাহ হামসকে সরকার গঠন করতে দিতে অস্বীকার করে ক্ষমতা হস্তান্তর থেকে বিরত থাকে। এক্ষেত্রে ফাতাহ ইসরাইল, যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সমর্থন পায়।
এ নিয়ে অচলাবস্থা চলার এক বছরের মাথায় তুমুল লড়াই শুরু হয় দু'দলের মধ্যে। হামাস গাজা দখল করে নেয় আর ফাতাহ পশ্চিম তীরের দখল ধরে রাখে।
তখন থেকে দুই ভাগে বিভক্ত দেশটি দুই দলের শাসনে শাসিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৬ ঘ.
bdnews24