২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেরনোবিল দুর্ঘটনার ২৫ বছর পূর্তি

রাশিয়া ও ইউক্রেন মঙ্গলবার চেরনোবিল পরমাণু কেন্দ্রের দুর্ঘটনার ২৫ বছর পূর্তি পালন করেছে। জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রে বিপর্যয়ের পর আরো বেশি গুরুত্ব পাচ্ছে চেরনোবিলের ঘটনাটি। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

চেরনোবিল, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়া ও ইউক্রেন মঙ্গলবার চেরনোবিল পরমাণু কেন্দ্রের দুর্ঘটনার ২৫ বছর পূর্তি পালন করেছে। জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রে বিপর্যয়ের পর আরো বেশি গুরুত্ব পাচ্ছে চেরনোবিলের ঘটনাটি। সবচেয়ে বেশি প্রাধ্যান্য পাচ্ছে পরমাণু প্রকল্পের নিরাপত্তার বিষয়টি। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলের ৪ নম্বর পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটে। তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে ইউরোপজুড়ে। তাৎক্ষণিকভাবে মারা যায় ৩১ জন। পরবর্তীতে তেজস্ক্রিয়াজনিত অসুস্থতায় মারা যায় আরো মানুষ। তেজস্ক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় বেলারুশ, রুশ প্রজাতন্ত্র থেকে শুরু করে জার্মানিসহ পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। ২৫ বছর আগের বিশ্বের সবচেয়ে বিপর্যয়কর সেই দুর্ঘটনার মুহূর্তটি চার্চের ঘণ্টা বাজিয়ে স্মরণ করেন রাশিয়া ও ইউক্রেনের রাজনীতিবিদ ও ধর্মীয় নেতারা। মঙ্গলবার ওই ঘটনা স্মরণে রাশিয়ার অর্থডক্স চার্চে প্রার্থনাসভা আয়োজন করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পাশে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ চেরনোবিল দুর্ঘটনাস্থলে বক্তব্য রাখেন। পরমাণু কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় তিনি বিশ্বব্যাপী নতুন নীতি নেওয়ার আহ্বান জানান। "ওই দুর্ঘটনা শিখিয়ে দিয়ে গেছে মানুষকে সত্য ঘটনাটি পুরোপুরি জানানো উচিত" মন্তব্য করেন মেদভেদেভ। এর মধ্য দিয়ে ওই দুর্ঘটনার সময় মস্কোর ভুল-ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন মেদভেদেভ। উল্লেখ্য, মস্কো সে সময় দুর্ঘটনার পুরো পরিস্থিতি সম্পর্কে প্রকাশ্যে স্পষ্ট তথ্য জানাতে কয়েকদিন দেরী করেছিলো। এ ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে সততার সঙ্গে পুরিপূর্ণ সঠিক তথ্য জনগণকে জানানো প্রয়োজন বলে বলে মন্তব্য করেন তিনি। চেরনোবিল দুর্ঘটনার ২৫ বছর পূর্তিকে সামনে রেখে ইউক্রেন গত সপ্তাহেই পরমাণু কেন্দ্রটি সুরক্ষায় আরো তহবিল সংগ্রহের জন্য একটি দাতা সম্মেলনের আয়োজন করে। জাপানের ফুকুশিমা কেন্দ্রের বিপর্যয়ের কথা মাথায় রেখে ওই সম্মেলনে চেরনোবিলের সুরক্ষায় বিশ্ব সম্প্রদায় ৫৫০ মিলিয়ন ইউরো তহবিল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪২ ঘ.