ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় প্রথমবারের মতো চালকবিহীন বিমান (প্রিডেটর ড্রোন) হামলার কথা নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ১টায় মিসরাতা শহরের কাছে গাদ্দাফির অনুগত বাহিনীর রকেট লঞ্চারে হামলা করে মার্কিন চালকবিহীন বিমান।
বিবিসি জানায়, শহর এলাকায় সামরিক স্থাপনায় সহজে হামলা চালাতে সক্ষম ড্রোন। এতে হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার ঝুঁকি কমবে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, লিবিয়ায় ন্যাটোর অভিযানের সহায়তা হিসেবে মার্কিন চালকবিহীন বিমান হামলার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর আগে লিবিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় মিসরাতা শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে গাদ্দাফির সমর্থক স্থানীয় আদিবাসীরা।
আন্তর্জাতিক মানবাধিকার গ্র"পগুলো বলছে, মিসরাতায় বিদ্রোহী বাহিনী ও গাদ্দাফির অনুগত বাহিনীর দুই মাস ধরে চলমান সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩২২ ঘ.
bdnews24