কাম্পালা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের রাজনৈতিক সংকট নিরসনে উপসাগরীয় আরব দেশগুলো তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ক্ষমতা হস্তান্তরের নতুন পরিকল্পনা করেছে।
বৃহস্পতিবার ইয়েমেনকে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
এর আগে এক খবরে জানানো হয়, এদিন উপসাগরীয় আরব দেশগুলোর নতুন এ পরিকল্পনা নিয়ে সানায় প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ এর বৈঠক করেন গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এর মহাসচিব।
সালেহ এর ক্ষমতাসীন পার্টি বলেছে, তারা ২৪ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে তাদের মতামত জানাবে।
ওদিকে, ইয়েমেনের বিরোধীজোট এখনও প্রস্তাবটি ভেবে দেখছে বলে জানিয়েছে। এ পরিকল্পনায় কোনো ফাঁক আছে কিনা তা খতিয়ে দেখছে তারা।
.
উল্লেখ্য, পশ্চিমা এবং উপসাগরীয় আরব দেশগুলা ইয়েমেনে তিন মাসের অস্থিরতা প্রশমনে আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে।
ইয়েমেনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, জিসিসি মহাসচিব আব্দুললতিফ আল-জায়ানি প্রেসিডেন্ট সালেহ কে নতুন প্রস্তাব দিয়েছেন। জিসিসি এ সপ্তাহে সরকার এবং বিরোধীদল দুপক্ষের সঙ্গে বৈঠক করার পর এ নতুন পরিকল্পনা নেয়।
এ পরিকল্পনায় ইয়েমেন ইতিবাচক সাড়া দেবে বলে জানান ওই কর্মকর্তা। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১১ ঘ.
bdnews24