ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের পর এবার ইতালি ও ফ্রান্স লিবীয় বিদ্রোহীদের সামরিক পরমার্শ দিতে সেখানে সেনা কর্মকর্তাদের পাঠানোর ঘোষণা দিয়েছে।
পশ্চিমা দেশগুলো বারবার লিবিয়ায় কোনো পদাতিক বাহিনী পাঠানো হবে না বলে আসলেও এখন সেখানে সেনা কর্মকর্তাদের পাঠানোর ঘোষণা দিচ্ছে তারা।
বুধবার বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইতালির প্রতিরক্ষমন্ত্রী লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সামরিক পরামর্শ দিতে ১০ জন সেনা কর্মকর্তার একটি দল পাঠানোর ঘোষণা দিয়েছেন।
আর ফরাসি কর্মকর্তারা বলেছেন, ১০ জনের চেয়ে কম সংখ্যক সেনা কর্মকর্তাদের একটি দল পাঠানো হবে লিবিয়ায়।
প্রথম পশ্চিমা দেশ হিসেবে যুক্তরাজ্য মঙ্গলবার লিবীয় বিদ্রোহীদের সামরিক পরামর্শ দিতে সেনা কর্মকর্তাদের একটি দল বেনগাজিতে পাঠানোর ঘোষণা দেয়।
তবে বিদ্রোহীদের পরামর্শ দিতে সেনা কর্মকর্তাদের পাঠানোর এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এতে যুদ্ধ দীর্ঘায়িত হবে।
ওদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেছেন, লিবিয়ায় ন্যাটো অভিযান জোরদার করা হবে। প্যারিসে লিবীয় বিদ্রোহীদের ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান মুস্তাফা আব্দুল জলিলের সঙ্গে বৈঠককালে একথা বলেন তিনি।
বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট বলেন, বিদ্রোহীরা ট্যাংকের ওপর ভর করে নয়, ভোটের মাধ্যমে লিবিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় 'প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের' জাতিসংঘ সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পশ্চিমা যৌথবাহিনী।
তবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রত্যাশিত সাফল্য না আসায় লিবিয়া নিয়ে নতুন করে ভাবছে পশ্চিমা দেশগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০০২ ঘ.
bdnews24