ডেট্রয়েট, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোরান পোড়ানো নিয়ে আফগানিস্তানে বিক্ষোভ উস্কে দেওয়া ফ্লোরিডার মৌলবাদী খ্রিস্টান যাজক টেরি জোন্সকে মিশিগানের একটি মসজিদের সামনে সমাবেশ করা থেকে বিরত করতে আদালতে পিটিশন দাখিল করেছেন ডেট্রয়েটের একজন সরকারী আইনজীবী।
পিটিশনে ওয়েইনি কাউন্টির কৌসুলি কিম ওর্থি বলেন, টেরি জোন্স শুক্রবার ডেট্রয়েটের ডিয়ারবর্ন শহরতলীতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মসজিদ 'ইসলামিক সেন্টার অব আমেরিকা'র সামনে বিক্ষোভ-সমাবেশ করার যে পরিকল্পনা করেছেন তা করার অনুমতি দিলে সহিংসতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
জোন্স ও তার সমর্থকদের ওই সমাবেশ ঠেকাতে দাখিল করা পিটিশনের শুনানি বৃহস্পতিবার ডিয়ারবর্ন আদালতে অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিলে পিটিশনটি দাখিল করা হয়।
এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে জোন্স জানান, আদালতের রায় যাই হোক না কেনো তিনি শুক্রবার মসজিদের সামনে বিক্ষোভ করবেন। তাকে ঠেকানোর প্রচেষ্টা একেবারেই অদ্ভূত আর অসাংবিধানিক বলে মন্তব্য করেন জোনস।
জোনস বলেন, কাউকে উস্কানি দেওয়ার জন্য নয় বরং নিজের সুরক্ষার জন্য বন্দুক নিয়ে তিনি শুক্রবার বিক্ষোভ সমাবেশে নামবেন।
ফ্লোরিডার গেইন্সভিলে গত ২০ মার্চ জোনস এর কথিত কোরান পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানে বিক্ষোভে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়। আহত হয় আরো অনেক মানুষ।
এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের বর্ষপূর্তিতে কোরান পোড়ানোর পরিকল্পনা করে জোনস বিশ্বব্যাপী নিন্দিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্র সরকার ও বিশ্বের অন্যান্য দেশের সরকারের অনুরোধে তিনি পরে সে পরিকল্পনা বাতিল করেন।
জোনস এর দাবি, তিনি কোরান পুড়িয়ে কট্টর মুসলিমদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তার এ প্রতিবাদ ইসলাম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫৮ ঘ.
bdnews24