বেনগাজি, লিবিয়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় অবরুদ্ধ শহর মিসরাতায় অস্ত্রবিরতি চায় জাতিসংঘ। শহরটিতে গাদ্দাফির অনুগত বাহিনীর হামলায় অন্তত ২০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘ শিশু তহবিলের মুখপাত্র ম্যারিজাই মেরকাডো মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের বলেন, "মিসরাতায় ৫০ দিনের যুদ্ধে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে- আমরা যে আশঙ্কা করেছিলাম তার চেয়ে এ সংখ্যা বেশি এবং সেখানে অস্ত্রবিরতি না হলে পরিস্থিতি নিশ্চিতভাবে আরো খারাপ হবে।
"মর্টার, ট্যাংকের গোলা ও গুলিতে ২০ শিশু নিহত এবং অনেকে আহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।"
মানবিক ত্রাণ সহায়তা সংস্থাগুলো বলছে, মিসরাতায় খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ প্রয়োজনের তুলনায় অনেক কম এবং হাজার হাজার আহত ব্যক্তি ও বিদেশি শ্রমিকরা শহরটি ছাড়তে বন্দরে অপেক্ষা করছে।
মধ্য ফেব্র"য়ারিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে দেশটির ৩০ বছরের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় বহু মানুষ হতাহত হয়।
বিক্ষোভে সহিংসতার প্রতিবাদে বেনগাজিসহ পূর্বাঞ্চলীয় শহরগুলোয় নিয়োজিত সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেসময় একমাত্র পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতায় বিদ্রোহ করে সেনাবাহিনী।
বিদ্রোহীদের কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরে পেতে তখন থেকে শহরটিতে অভিযান চালাচ্ছে গাদ্দাফির অনুগত বাহিনী।
দু'পক্ষের লড়াইয়ে শহরটি নরকে পরিণত হয়েছে বলে দাবি করেছে সেখান থেকে তিউনিসিয়ায় যাওয়া লিবীয় বেসামরিক নাগরিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৪৮ঘ.
bdnews24