নিউইয়র্ক, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাংবাদিকতাসহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রের জন্য সম্মানজনক পুলিৎজার পুরস্কার ২০১১ ঘোষণা করা হয়েছে। এবারই প্রথম অনলাইন সাংবাদিকতা বিভাগে এককভাবে এই পুরস্কার জয় করে প্রোপাবলিকা নামে একটি অলাভজনক সংবাদ সংস্থা।
গত বছর প্রোপাবলিকা নিউ ইয়র্ক টাইমসের সাথে যৌথভাবে পুলিৎজার পায়।
সোমবার পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়।
সাংবাদিকতায় বহু কাঙ্খিত এই পুরস্কারের দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে লস এঞ্জেলেস টাইমস ও নিউইয়র্ক টাইমস।
লস এঞ্জেলেস টাইমস 'পাবলিক সার্ভিস' পুরস্কার ও 'ফিচার ফটোগ্রাফি' পুরস্কার পায় এবং নিউ ইয়র্ক টাইমস পায় 'কমেন্ট্রি' ও 'ইন্টারন্যাশনাল রিপোর্টিং' পুরস্কার।
ক্যালিফোর্নিয়ার বেল শহরের ক্ষমতাসীন রাজনীতিবিদরা কিভাবে জনসাধারণকে ঠকিয়ে নিজেদের জন্য উচ্চ বেতনের ব্যবস্থা করত তার ওপর ধারাবাহিক রিপোর্ট প্রকাশ করে পাবলিক সার্ভিস পুলিৎজার পায় লস এঞ্জেলেস টাইমস।
রিপোর্টে উঠে আসে বেল শহরের রাজনৈতিক কর্মকর্তারা ব্যক্তিগত সম্পত্তির ওপর কর ও অন্যান্য ফি বাড়িয়ে নিজেদের উচ্চ বেতনের টাকা যোগাতো।
রিপোর্ট প্রকাশের পর শহরটির ওই নেতাদের গ্রেপ্তার করা হয় এবং ধার্যকৃত কর কমানো হয়।
পুরস্কার ঘোষণার পর রিপোর্টার জেফ গথলিয়েব তার প্রতিক্রিয়ায় বলেন, "এই পুরস্কারে সত্যিকার বিজয় হল বেলবাসীদের যারা এই দুর্নীতি বন্ধ করতে পেরেছে।"
লস এঞ্জেলেসের রাস্তায় সন্ত্রাসীদের গোলাগুলির মাঝে আটকে পড়া পথচারীদের নিয়ে তোলা ছবির জন্য লস এঞ্জেলেস টাইমসের ফটোগ্রাফার বারবারা ডেভিডসন ফিচার ফটোগ্রাফি পুলিৎজার পান।
নিউ ইয়র্ক টাইমসের ক্লিফোর্ড জে লেভি ও ইলেন ব্যারি রাশিয়ার বিচার ব্যবস্থার দুর্বলতা নিয়ে রিপোর্ট করার জন্য আন্তর্জাতিক রিপোর্টিং বিভাগে পুলিৎজার পান।
আর যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেটের জটিলতা নিয়ে সাবলীল বিশ্লেষণের জন্য নিউইয়র্ক টাইমসের ডেভিড লিওনহার্ড পান কমেন্ট্রি পুলিৎজার।
জেনিফার ওগান তার 'এ ভিজিট ফ্রম দ্য গোন স্কোয়াড' ফিকশনের জন্য পুলিৎজার পান। ব্র"স নোরিস পান নাটকের জন্য এবং সিদ্ধার্থ মুখার্জি ননফিকশন রচনার জন্য এ পুরস্কার জয় করেন।
তবে এবারই প্রথমবার ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে কোনো পুরস্কার দেওয়া হয়নি।
নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রতি বছর সাংবাদিকতা, সাহিত্য, নাটক ও কবিতায় অবদান রাখার জন্য পুলিৎজার পুরস্কার প্রদান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.
bdnews24