টোকিও, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের একটি ধারকের ফাটল বন্ধ হয়েছে। ওই ফাটল দিয়ে তেজষ্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে যাচ্ছিলো।
কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (টেপকো)
জানায়, ফাটলটি বন্ধ করতে 'ওয়াটার গ্লাস' বা সোডিয়াম সিলিকেট ও অন্য একটি রাসায়নিক উপাদান ধারকে প্রবেশ করানো হয়।
টেপকোর মুখপাত্র বলেন, "তরল কাঁচ ও দ্রবন শক্ত করার একটি রাসায়নিক উপাদানের মিশ্রণ ধারকে ঢুকানোর পর গতকালই তেজস্ক্রিয় পানি নিঃসরণের হার কমে আসে এবং সেটা এখন বন্ধ হয়েছে।"
বিদ্যুৎকেন্দ্রটির ২ নম্বর চুল্লির ভূ-গর্ভস্থ ধারকে শনিবার ফাটল শনাক্ত হয়। ওই ধারকের মধ্যে ঘণ্টায় এক হাজার মিলিসিভার্টস তেজস্ক্রিয়া নিঃসরণ ঘটে।
বিবিসি জানায়, জাপানের মন্ত্রিপরিষদের মুখ্যসচিব ইউকিয়ো এদানো বলেন, "মাত্রই ফাটলটি বন্ধ হওয়ায় আমরা এখনো হাফ ছাড়তে পারিনি। ফাটলটি পুরোপুরি বন্ধ হয়েছে কিনা এবং অন্য কোথাও ফাটল আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।"
তবে ফাটল বন্ধ হয়ে তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে না গেলেও ওই কেন্দ্র থেকে সাড়ে ১১ হাজার টন তেজস্ক্রিয় পানি সাগরে ফেলা হচ্ছে।
২ নম্বর চুল্লি থেকে বের হওয়া উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি সংরক্ষণের জায়গা করতে ওই পানি সাগরে ফেলা হচ্ছে।
তেজস্ক্রিয় পানি মানুষের শরীরের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে না বলে কর্তৃপক্ষ দাবি করলেও এতে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় জেলেরা। একটি চিঠিতে তারা সরকারের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে।
মঙ্গলবার ফুকুশিমার দক্ষিণের ইবারাকি অঞ্চলে ধরা পড়া একটি ছোটো মাছে তেজস্ক্রিয়া পাওয়া গেছে।
পার্শ্ববর্তী রাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও চীন সমুদ্রে তেজস্ক্রিয় পানি ফেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে স্থানীয় সংবাদপত্রগুলোর সূত্রে জানা যায়।
তেজস্ক্রিয় পানির ক্ষয়ক্ষতি মোকাবেলায় এদিন একটি ভাসমান তেজস্ক্রিয়া চিকিৎসা কেন্দ্র সরবরাহের জন্য রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে জাপান।
জাপানে গত ১১ মার্চ ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র। তখন থেকে কেন্দ্রটি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৪৭ ঘ.
bdnews24