২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার সাবেক সেনা শাসকের যাবজ্জীবন

আর্জেন্টিনার শেষ সেনাশাসক রেনাল্ডো বিগনোনেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বুয়েন্স আয়ার্সের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্জেন্টিনার শেষ সেনাশাসক রেনাল্ডো বিগনোনেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বুয়েন্স আয়ার্সের একটি আদালত। তিনদশক আগে ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন ও হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয় বলে বিবিসি অনলাইন জানায়। একই অভিযোগে দায়ের মামলায় বিগনোনের সাথে আরো চারজন সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন। ১৯৭৬-৮৩ সাল পর্যন্ত সেনাশাসন কালে প্রায় ৩০ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে দায়ের মামলায় এ রায় ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়ষ্ক বিগনোনে ইতিমধ্যে পৃথক হত্যাকাণ্ডের মামলায় ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ১৯৭৬ সালে আর্জেন্টিনার সেনা অভ্যুত্থানের পরপরই রাজধানী বুয়েন্স আয়ার্স এর পার্শ্ববর্তী শহর এসকোবারে বামপন্থীদের হত্যা ও অপহরণের ঘটনাগুলো এ মামলার সঙ্গে সম্পর্কিত। সেময় যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে সাবেক বাম বিদ্রোহী নেতা গ্যাস্টন গনকালভেস ও সাবেক কংগ্রেস সদস্য ডিয়েগো মুনিজ ব্রেটোও ছিলেন। বিগনোনের সাথে অভিযুক্ত ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক জেনারেল সান্তিয়াগো রিভেরস, সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা মার্টিন রডরিগুয়েজ এবং এসকোবারের সাবেক মেয়র লুইস পাট্টি। ওই হত্যাকাণ্ডের ঘটনাগুলো চলাকালে লুইস পাট্টি ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। অপর সাবেক পুলিশ কর্মকর্তা জুয়ান ফার্নান্দো মেনেঘিনিকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। নিজের পক্ষে চূড়ান্ত সাফাই হিসেবে বিগনোনে আদালতের উদ্দেশে বলেন, তাকে বিচার করার যোগ্যতা সাধারণ আদালতের নেই। বিগনোনের বিরুদ্ধে হওয়া এ রায়কে দেশটির মানবাধিকার গোষ্ঠীগুলো স্বাগত জানিয়েছে। আর্জেন্টিনাবাসীদের জন্য এটি একটি ঐতিহাসিক দিন বলে মানবাধিকার নেতা স্টেলা ডি কার্লোটো মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৩৫৮ ঘ.