লন্ডন, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়া নতুন করে আরেক সোমালিয়া হয়ে উঠতে পারে বলে সোমবার মন্তব্য করেছেন লিবিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা। বিবিসি'কে এক বিবৃতিতে একথা বলেন তিনি।
মুসা বলেন, লিবিয়াকে সোমালিয়ার মতো গৃহযুদ্ধের পথে ঠেলে দিতে না চাইলে এখনই ব্যবস্থা নিতে হবে। সতর্ক হতে হবে লড়াইয়ে লিপ্ত সব পক্ষকে।
লিবিয়া সঙ্কটের যে কোনো সমাধানে ঐক্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুসা বলেন, "লিবিয়া পরিস্থিতি গৃহযুদ্ধের পথে চলে যাওয়া ঠেকাতে আমি সবাইকে এবং সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।"
"কারণ এ লড়াই চলতে থাকলে রক্তক্ষয় ঘটবে এবং লিবিয়া নতুন আরেক সোমালিয়ায় রূপ নেবে", বলেন তিনি।
মুসা গত মাসে তিউনিসিয়া হয়ে ব্রিটেনে পালিয়ে যাওয়ার পর এই প্রথম প্রকাশ্যে কোনো বিবৃতি দিলেন।
লিবিয়া ইতোমধ্যেই গাদ্দাফি বাহিনী আর বিদ্রোহীদের লড়ইয়ে স্পষ্ট দুভাগ হয়ে গেছে। আর এ কারণেই লিবিয়া সোমালিয়ার পথে চলে যাওয়ার এ আশঙ্কা প্রকাশ করলেন মুসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.
bdnews24