টোকিও, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন আরো এলাকার অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।
প্রায় এক মাসের মাথায় সোমবার সন্ধ্যায় ৬ দশমিক ৬ মাত্রার পরাঘাতে কেন্দ্রটি আবারো ক্ষতিগ্রস্ত হওয়ায় তার চারপাশের ২০ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে অবস্থানরতদের ওই এলাকা ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১১ মার্চের ৮ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ফুকুশিমা কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়ে ছয়টি পরমাণু চুল্লির তিনটিতে বিস্ফোরণ ঘটে এবং একটিতে আগুন লাগে। তখন তেজস্ক্রিয়া ছাড়াতে শুরু করলে কেন্দ্র সংলগ্ন ২০ কিলোমিটারের মধ্যের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।
জাপানের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইউকিও এদানো সাংবাদিকদের বলেন, কেন্দ্র সংলগ্ন ২০ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে অবস্থানরত শিশু, গর্ভবতী নারী ও হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের ওই এলাকার বাইরে থাকা উচিত। এ পরিকল্পনা ওই এলাকায় বসবাসের ঝুঁকি এড়ানো এবং তা ছয় মাস বা এক বছরের জন্য।
সোমবারের পরাঘাতে কেন্দ্রটির ১, ২ ও ৩ নম্বর চুল্লিতে পানি সরবরাহের বিদ্যুৎ সংযোগ আবারো বিচ্ছিন্ন হয়েছে। ১১ মার্চের ভূমিকম্পে এ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পরমাণু বিপর্যয়ের মুখে পড়ে জাপান।
এছাড়া, পরাঘাতের কারণে ২ নম্বর চুল্লির একটি ধারক থেকে উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি সরানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৩৩ ঘ.
bdnews24