২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাবিরোধী হয়ে উঠছেন আফগান ইমামরা

মৌলবাদী মার্কিন ধর্মযাজক টেরি জোনসের কোরান পোড়ানোর ঘটনায় আফগান ইমামদের মধ্যে পশ্চিমা বিদ্বেষ ক্রমেই বাড়ছে। কেউ কেউ ইসলাম অপবিত্রকারীদের বিরুদ্ধে জিহাদ করার জন্য উদ্বুদ্ধ করছেন আফগানদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

কাবুল, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মৌলবাদী মার্কিন ধর্মযাজক টেরি জোনসের কোরান পোড়ানোর ঘটনায় আফগান ইমামদের মধ্যে পশ্চিমা বিদ্বেষ ক্রমেই বাড়ছে। কেউ কেউ ইসলাম অপবিত্রকারীদের বিরুদ্ধে জিহাদ করার জন্য উদ্বুদ্ধ করছেন আফগানদের। কোরান পোড়ানোর ঘটনায় কাবুলের বিভিন্ন স্থানে বিক্ষোভগুলো সহিংস হয়ে না উঠলেও শুক্রবার শহরটির বিভিন্ন স্থানে মোল্লারা তাদের ধর্মীয় আলোচনায় কাবুলে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে বিষোদগার করেন। কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শুক্রবার কাবুলের সবচেয়ে বড় মসজিদে ইমামতি করা এনায়েতুল্লাহ বালেগ বলেন, মুসলিমদের এ চরম অপমানের জন্য আন্তর্জাতিক অঙ্গন ও মার্কিন সরকার দায়ী। তিনি আরো বলেন, ইসলামকে যারা অপবিত্র করে তাদের বিরুদ্ধে আমি আমার শিক্ষার্থীদের জিহাদ করতে বলেছি। কাবুলের উত্তর-পশ্চিমাঞ্চলের ধর্মীয় নেতা হাবিবুল্লাহ আসাম বলেন, অমুসলিমদের সঙ্গে যে কোন ধরনের সংস্পর্শ বিপদজনক। শুক্রবারের সভায় তিনি বলেন, ইহুদি এবং ক্রুসেডাররা কখনই আমাদের বন্ধু হতে পারে না। তারা আমাদের সমাজ ও সংস্কৃতিকে ধ্বংস করছে। এসময় সভায় উপস্থিত সকলে 'আল্লাহু আকবার' বলে স্লোগান দেয়। তিনি আরো বলেন, যারা বিদেশিদের দেশে রাখতে ইচ্ছুক, তারা মূলত ভীতু। এদের সংস্পর্শে এসে মহিলারা হিজাব পড়া থেকে বিরত থাকছে, পুরুষরা লোক দেখানো কেতাদুরস্ত হওয়ার চেষ্টা করছে। বিদেশিদের বিরুদ্ধে বিষোদগার করে দেওয়া এসব বক্তব্য লাউড স্পিকারের সাহায্যে প্রচার করা হলেও খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। তবে গত সপ্তাহে সচরাচর শান্ত শহর মাজার-ই-শরিফে একদল বিক্ষোভকারীর হাতে জাতিসংঘের সাত কর্মী নিহত হলে দেশটিতে পশ্চিমাবিরোধী অবস্থা নগ্নভাবে প্রকাশ পেয়ে যায়। এ ঘটনার পর প্রাদেশিক গভর্নর ইমামদের রাজনীতি বিষয়ে বক্তব্য না দেওয়ার পরামর্শ দেন এবং পুলিশকে এ ধরনের বিষোদগারমূলক বক্তব্যগুলো ধারণ করে সংগ্রহের নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১৯ ঘ.