ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুয়াতেমালার একটি পারিবারিক আদালত দেশটির প্রেসিডেন্ট আলভারো কোলোম ও তার স্ত্রী সান্দ্রা টোরেসের বিবাহ বিচ্ছেদের অনুমোদন দিয়েছে।
আর এতে করে সান্দ্রার জন্য আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি হলো।
নির্বাচনে জয়ী হলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে সাংবিধানিক যে নিষেধাজ্ঞা রয়েছে তা এড়াতে গত মাসে এ দম্পতি বিবাহ বিচ্ছেদের আবেদন করেন।
এই বিবাহ বিচ্ছেদ নিয়ে অনেকগুলো আইনি চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে আদালত।
এদিকে প্রেসিডেন্ট ও সাবেক এ ফার্স্ট লেডির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে বিরোধী দল।
নির্বাচনে প্রধান বিরোধীদলীয় প্রার্থী সাবেক জেনারেল ওট্টো পেরেজ মোলিনা বিবিসিকে বলেন, সান্দ্রার প্রার্থিতা এখনও সংবিধান লঙ্ঘন করছে বলে মনে করেন তিনি।
তবে সান্দ্রার এক মুখপাত্র বিবিসিকে জানান, তারা এ প্রক্রিয়াকে পুরোপুরি বৈধ বলে মনে করছেন।
তৃতীয় স্ত্রী হিসেবে সান্দ্রা প্রেসিডেন্ট কোলোমের মেয়াদে সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২১ ঘ.
bdnews24