ওয়াশিংটন, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাজেট নিয়ে কংগ্রেস সদস্যদের মতবিরোধ নিরসনে শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ওবামা সরকার। শুক্রবার মধ্যরাতের (স্থানীয় সময়) মধ্যে সমঝোতা না হলে সরকারের একটি বড় অংশ কার্যত অচল হয়ে পড়বে।
প্রেসিডেন্ট বারাক ওবামা বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছাতে বৃহস্পতিবার রাতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। ওই আলোচনায় কোনো ফল না হওয়ায় শুক্রবারও সমঝোতার চেষ্টা চালিয়ে যান হোয়াইট হাউস ও কংগ্রেস নেতারা।
ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য স্টেনি হোয়ার শুক্রবার সকালে এনবিসির 'টুডে' প্রোগামে বলেন, "দুভার্গ্যজনকভাবে এখনো কোনো সমঝোতা হয়নি। তবে আমি মনে করি, সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছি আমরা।"
সিনেটের সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্র্যাট পার্টির নেতা হ্যারি রেইড শুক্রবার বিবিসিকে বলেন, প্রস্তাবিত বাজেটে তিন হাজার আটশ' কোটি ডলার কামানোর ব্যাপারে উভয়পক্ষ একমত হয়েছে। তবে গর্ভনাশ (অ্যাবরশন) খাতের বরাদ্দ নিয়ে মতবিরোধী রয়ে গেছে।
রিপাবলিকানরা শুরুতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস মেয়াদি প্রস্তাবিত বাজেট থেকে ছয় হাজার একশ' কোটি ডলার কমানোর দাবি করে। অ্যাবরশন ও পরিবেশ সুরক্ষাসহ বেশ কয়েকটি খাত থেকেও ব্যয় কমানোর দাবি তোলেন বিরোধী দলীয় কংগ্রেস সদস্যরা।
অন্যদিকে ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির নেতারা বলেন, রিপাবলিকানদের প্রস্তাব সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচিকে ব্যাহত করবে। তবে শুক্রবার পর্যন্ত তিন হাজার আটশ' কোটি ডলার বরাদ্দ কামানোর ব্যাপারে মতৈক্যে পৌঁছান দুই দলের সদস্যরা।
বার্তা সংস্থাগুলো বলছে, হোয়াইট হাউস রিপাবলিকান দলের কংগ্রেস সদস্যদের সঙ্গে সমঝোতায় যেতে না পারলে শুক্রবার মধ্যরাত (স্থানীয় সময়) থেকে যুক্তরাষ্ট্রের প্রশাসনের একটি বড় অংশ কার্যত অচল হয়ে পড়বে।
এতে করে কেন্দ্রীয় সরকারের ৮ লাখ কর্মী একরকম কর্মহীন হয়ে পড়বে। অনেক লোকের বেতন আটকে যাবে। সরকারের ঋণ নেওয়া বন্ধ হবে, জাতীয় উদ্যানগুলো এবং সরকারি স্থাপনাগুলোও বন্ধ হয়ে যাবে। তবে পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর মতো জরুরি বিভাগগুলো কাজ চালিয়ে যেতে পারবে।
বৃহস্পতিবার রাতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ও কংগ্রেসে রিপাবলিকান পার্টির শীর্ষ নেতা জন বোয়েনার এবং সিনেটের সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্র্যাট পার্টির নেতা হ্যারি রেইডের সঙ্গে বৈঠকে বসেন ওবামা।
ওই বৈঠকের পর ওবামা সাংবাদিকদের বলেন, "আমি চূড়ান্ত কোনো আশার কথা বলতে পারছি না। তবে গত দিনের চেয়ে আজ আলোচনায় অগ্রগতি হয়েছে বলে আমি মনে করি।"
এর আগে ১৯৯৫ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় রিপাবলিকানদের বিরোধিতার মুখে বাজেট পাস না হওয়ায় একই ধরনের অচলাবস্থায় পড়ে প্রশাসন। ২০ দিন পর সেই সংকটের নিরসন হয়।
গত নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে কোনো রকমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলেও নিুকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ হারায় প্রেসিডেন্ট ওবামার ডেমোক্র্যাট পার্টি।
মূলত সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণেই বাজেট পাস করা নিয়ে এই সংকটের মধ্যে পড়েছে ওবামা প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২২০৬ ঘ
bdnews24