২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়াবিদ্রোহীদের ওপর হামলায় ক্ষমা চাইতে ন্যাটোর অস্বীকৃতি

লিবিয়ায় পূর্বাঞ্চলে বিদ্রোহীদের ওপর ভুল করে বিমান হামলা চালানোর ঘটনায় ক্ষমা চাইতে শুক্রবার অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 10:54 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় পূর্বাঞ্চলে বিদ্রোহীদের ওপর ভুল করে বিমান হামলা চালানোর ঘটনায় ক্ষমা চাইতে শুক্রবার অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো। লিবিয়ার পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ শহর ব্রেগা ও আজদাবিয়ার কাছাকাছি অবস্থানরত বিদ্রোহীদের ওপর বৃহস্পতিবার ওই হামলা চালায় ন্যাটো। এতে ১৩ বিদ্রোহী নিহত ও অনেকে আহত হয়েছে। বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো বাহিনীর রিয়ার এডমিরাল রাস হার্ডিং বলেছেন, বৃহস্পতিবারের ঘটনার আগ পর্যন্ত ন্যাটোর জানা ছিলো না যে বিদ্রোহী সেনারা ট্যাংক ব্যবহার করতে শুরু করেছে। শুক্রবার তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমাদের কাজ হচ্ছে জনগণকে রক্ষা করা। তিনি আরো বলেন, "জনগণের ওপর সরকারি ট্যাংক থেকে গোলা বর্ষণ চলছে এমনটিই আমরা আগে দেখে এসেছি। গতকাল পর্যন্তও আমাদের জানা ছিলো না যে বিদ্রোহী পক্ষও লড়াইয়ে ট্যাংক মাঠে নামাতে শুরু করেছে। এ ব্যাপারে আমরা কোনো তথ্য পাইনি।" "আমি ক্ষমা চাইছি না," সাংবাদিকদের বলেন তিনি। বৃহস্পতিবার ব্রেগা এবং আজদাবিয়ার মাঝামাঝি স্থানে ন্যাটো বিমান হামলায় হতাহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। তবে তারা এও বলেছে যে, এতে ন্যাটোর সঙ্গে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। এর আগে বিবিসি'র আরেকটি খবরে লিবিয়ার বিদ্রোহী বাহিনীর কমান্ডার জেনারেল আব্দেল ফাতাহ ইউনিস এর উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছিলো, ন্যাটো হামলার ঘটনায় ক্ষমা চেয়েছে। ইউনিস জানান, সতর্কতা সংকেত দেওয়ার পরও ট্যাঙ্কগুলো যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিল তখন এ বিমান হামলা চালানো হয়। ন্যাটো এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি তারা। বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়, হামলায় চার জন নিহত হয়েছে। আবার রয়টার্স জানায়, এতে পাঁচজন নিহত হয়েছে। কিন্তু স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানায়, এতে ১৩ জন যোদ্ধা নিহত হয়েছেন। জেনারেল ইউনিস বলেন, "কী কারণে এমনটি ঘটেছে তা আমরা জানতে চাই। তাদের (ন্যাটো) কাছে আমরা যথাযথ ও গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রত্যাশা করছি।" তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ভুল ভবিষ্যতে নিশ্চয়ই আর হবে না। তিনি ন্যাটোর কাছে আরো অধিক সহযোগিতার কামনা করেন। একে দুর্ঘটনা আখ্যা দিয়ে তিনি বলেন, এর ফলে ন্যাটোর সঙ্গে সম্পর্কের অবনতি হবে না। প্রসঙ্গত, বেসামরিক মানুষ ও বিদ্রোহীদের রক্ষায় পরিচালিত পশ্চিমা অভিযানে বিদ্র্হোী নিহত হওয়ার তৃতীয় ঘটনা এটি। লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলন সশস্ত্র বিদ্রোহে মোড় নিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সাধারণ মানুষদের গত ১৯ মার্চ যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং যুক্তরাজ্যেও যৌথবাহিনী দেশটিতে সামরিক অভিযান শুরু করে। পরবর্তী সময়ে যৌথ বাহিনীর নেতৃত্ব ন্যাটোর কাছে হস্তান্তর করা হয়। এ সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে নিরাপত্তা পরিষদের অপর সদস্য চীন, রাশিয়া ও জার্মানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১২০০ ঘ.