২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'হাইতির প্রেসিডেন্ট নির্বাচনে সঙ্গীতশিল্পী মরটেলি জয়ী'

হাইতির দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে 'সুইট মিকি' খ্যাত সঙ্গীতশিল্পী মাইকেল মরটেলি বিজয়ী হয়েছেন। নির্বাচনে তিনি সাবেক ফাস্টলেডি ও সিনেটর মিরল্যান্ডে মানিগাতকে পরাজিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 08:26 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইতির দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে 'সুইট মিকি' খ্যাত সঙ্গীতশিল্পী মাইকেল মরটেলি বিজয়ী হয়েছেন। নির্বাচনে তিনি সাবেক ফাস্টলেডি ও সিনেটর মিরল্যান্ডে মানিগাতকে পরাজিত করেছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি মঙ্গলবার এ খবর জানায়। তবে ১৬ এপ্রিলের আগে চূড়ান্ত ফলাফল জানা যাবে না। দ্বিতীয় দফা এই ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ এবং ভোটদানকারীর সংখ্যাও আশাব্যঞ্জক বলে কর্মকর্তারা জানান। ২০১০ সালের জানুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে হাইতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার কয়েকমাস পর দেশটিতে কলেরা মহামারি দেখা দেয়। বর্তমানে দেশটি এই দুই দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। বিবিসির প্রতিনিধি অ্যান্ডি গালাচের অভিমত, হাইতির জনগণের জন্য পরিবর্তনের এনে দেওয়ার অঙ্গীকার করা মরটেলি যদি জয়ী হন, তবে তাকে বেশকিছু গুরুতর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ভূমিকম্পের পর লাখ লাখ মানুষ এখনো শহরগুলোতে তাঁবু খাটিয়ে বসবাস করছে। তার মধ্যে আবার কলেরা মহামারিতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। রাজনীতিতে অনভিজ্ঞ মরটেলি হাইতির দারিদ্র ও বেকারত্ব দূরের অঙ্গীকার করে নির্বাচনে লড়ছেন। এখন দেখার বিষয় বিজয়ী হলে, সঙ্গীতশিল্পী থেকে রাজনীতিকে পরিণত হওয়া মরটেলি কীভাবে দুর্যোগকবলিত হাইতির পরিস্থিতি সামাল দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২২ ঘ.