২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের স্বার্থে গাদ্দাফিকে প্রয়োজন : লিবিয়া সরকার

লিবিয়াকে যেন ইরাক অথবা সোমালিয়ার পরিণতি বরণ করতে না হয় সেজন্য গাদ্দাফির ক্ষমতায় থাকা প্রয়োজন বলে জানিয়েছে লিবিয়া সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 07:20 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়াকে যেন ইরাক অথবা সোমালিয়ার পরিণতি বরণ করতে না হয় সেজন্য গাদ্দাফির ক্ষমতায় থাকা প্রয়োজন বলে জানিয়েছে লিবিয়া সরকার। গাদ্দাফিকে ক্ষমতায় রেখে 'যেকোন' রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত বলেও জানিয়েছে তারা। লিবিয়া সরকারের মুখপত্র মুসা ইব্রাহিম ত্রিপোলিতে সাংবাদিকদের বলেন, গাদ্দাফি লিবিয়ার ঐক্যের প্রতীক। তিনি লিবিয়ার জনগণ ও লিবিয়ার উপজাতিদের একতাবদ্ধ করেছেন। এই ঐক্য এগিয়ে নিতে অনেক লিবিয়ান গাদ্দাফির দিকে চেয়ে আছে। কোন কারণে দেশটির ক্ষমতায় গাদ্দাফি না থাকলে এই একতা ভেঙে যাবে এবং লিবিয়ার পরিণতি হবে ইরাক, আফগানিস্তান অথবা সোমালিয়ার মতো, বলেন তিনি। লিবিয়ার কি করতে হবে তা পশ্চিমাদের বলে দিতে হবে না জানিয়ে ওই মুখপাত্র বলেন, নির্বাচন, গণভোট অথবা যেকোন রাজনৈতিক পরিবর্তনের জন্য লিবিয়ার সরকার প্রস্তুত রয়েছে। তিনি বেসামরিক নাগরিকদের ওপর সরকারি বাহিনীর হামলার অভিযোগ অস্বীকার করে বহির্বিশ্বকে এ অভিযোগ তদন্তের চ্যালেঞ্জ জানান। সোমবার লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখানো হয়, গাদ্দাফি ত্রিপোলির বাব আল-আজিজিয়া দুর্গের বাইরে একটি জিপ থেকে সমর্থকদের উদ্দেশে স্যালুট করছেন। এদিকে, গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম বিবিসিকে বলেছেন, তিনি ও তার পিতা গাদ্দাফি, পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার পক্ষত্যাগের বিষয়টিকে বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন না। মুসা কুসা গত সপ্তাহে লন্ডন চলে যান এবং গাদ্দাফির পক্ষ ত্যাগ করেন। তিনি বলেন, মুসা স্বাস্থ্যগত কারণে লন্ডন গেছেন। তিনি বৃদ্ধ হয়েছেন, তার চিকিৎসা প্রয়োজন। উল্লেখ্য, লিবিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্দুলাতি ওবেইদি যুদ্ধ বিষয়ে সমঝোতার উদ্দেশ্যে বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশ সফর করছেন। ওদিকে, তুরস্কের একটি জাহাজ রোববার বিদ্রোহীদের দখলে থাকা লিবিয়ার পশ্চিমাঞ্চলের একমাত্র শহর মিসরাতা থেকে ২৫০জন আহতকে নিয়ে বিদ্রোহীদের রাজধানী বেনগাজিতে পৌঁছে দেয়। গাদ্দাফি বাহিনী মিসরাতার বেসামরিক নাগরিকদের নৃশংসভাবে হত্যা করছে বলে রয়টার্সকে জানিয়েছে তিউনিসিয়ায় আশ্রয় নেওয়া লিবীয় শরণার্থীরা। বিদ্রোহীরা সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ শহর ব্রেগার দিকে এগোনোর চেষ্টা করছিল বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, সির্তে ও ব্রেগা শহরের কাছে সোমবার লিবিয়ার সরকারী বাহিনীর যানবাহনের ওপর যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমানগুলো হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০০ ঘ.