২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির বার্তা নিয়ে গ্রিসে গেলেন উপ-পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে রোববার গ্রিসে প্রতিনিধি পাঠিয়েছে লিবিয়ার সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 06:40 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ত্রিপোলি, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে রোববার গ্রিসে প্রতিনিধি পাঠিয়েছে লিবিয়ার সরকার। গ্রিস সরকারের পক্ষ থেকে জানানো হয়, গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রোউয়ের উদ্দেশে গাদ্দাফির ব্যক্তিগত বার্তা নিয়ে লিবিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্দুলাতি ওবেইদি এথেন্সে এসেছেন। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী দ্রোউতাসাস দিমিত্রিস বলেন, "এতে মনে হচ্ছে লিবিয়ার সরকার কোনো সমাধান চাচ্ছে।" তবে ঠিক কি ধরনের প্রস্তাব নিয়ে লিবিয়ার পক্ষ থেকে গ্রিসে প্রতিনিধি পাঠানো হয়েছে সে ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। গ্রিসে আলোচনার পর ওবেইদি মাল্টা ও তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা হবেন। গত দুদিন ধরে গ্রিসের প্রধানমন্ত্রী পাপানদ্রোউ টেলিফোনে ত্রিপোলি, কাতার, তুরস্ক ও ব্রিটেনের নেতাদের সঙ্গে কথা বলছেন। এদিকে যেকোন ধরনের কূটনৈতিক সমঝোতা লিবিয়াকে বিভক্ত করে ফেলতে পারে বলে এক কূটনীতিক সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, "অনেক বিষয় নিয়েই আলোচনা হচ্ছে। প্রত্যেকেই দ্রুত সমাধান চায়।" পশ্চিমা বিমানবাহিনী বিদ্রোহীদের সহায়তা করলেও গাদ্দাফির অনুগত বাহিনী বা বিদ্রোহীদের কেউই লিবিয়ার পূর্বাঞ্চলে পূর্ণআধিপত্য বিস্তার করতে পারেনি। গাদ্দাফির অনুগত বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় মিসরাতা শহর নিয়ন্ত্রণে নিতে এখনও চেষ্টা চালাচ্ছে। ফেব্র"য়ারির মাঝামাঝিতে অন্যান্য শহরের মতো মিসরাতাতেও গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। বর্তমানে শহরটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে আহতদের উদ্ধারে তুরস্ক থেকে যাওয়া জাহাজটি দ্রুত লিবিয়া ছাড়তে বাধ্য হয়েছে। প্রায় ২৫০ জনকে উদ্ধারের জন্য জাহাজটি সেখানে যায়। জাহাজটি দেশটির পূর্বাঞ্চলীয় বেনগাজি থেকে আহত আরো ব্যক্তিদের সরিয়ে নেওয়া বন্ধ করার পর তুরস্কের এক কর্মকর্তা আলি আকিন বলেন, "এটা খুব কঠিন পরিস্থিতি। তাড়াতাড়িই আমাদেরকে চলে যেতে হচ্ছে।" রয়টার্সকে তিনি বলেন, জাহাজটি তুরস্কের বিমানবাহিনীর ১০টি এফ-১৬ বিমান ও নৌবাহিনীর দুটি জাহাজের পাহারায় লিবিয়ায় পৌঁছায়। মিসারাতা থেকে তুরস্কের জাহাজে ওঠার পর আহত ইব্রাহিম আল আরাদি (২৬) বলেন, "এটা খুবই খারাপ। গাদ্দাফি আমাদের রাস্তায় আমাদের ওপর বোমা হামলা চালিয়েছে। ' রয়টার্সকে তিনি বলেন, "আমাদের কাছে পানি নেই, বিদ্যুৎ নেই। আমাদের কাছে ওষুধ নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৪ ঘ.