২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘকর্মী হত্যা 'জঘন্য': ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আফগানিস্তানে জাতিসংঘকর্মীদের হত্যা 'জঘন্য' ঘটনা। এক মার্কিন খ্রিস্টান যাজকের বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ এনে তার প্রতিবাদে ওই হত্যাকাণ্ড হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 08:02 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ওয়াশিংটন, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আফগানিস্তানে জাতিসংঘকর্মীদের হত্যা 'জঘন্য' ঘটনা। এক মার্কিন খ্রিস্টান যাজকের বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ এনে তার প্রতিবাদে ওই হত্যাকাণ্ড হয়। শনিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে ওবামা বলেন, "নিরাপরাধ মানুষকে হত্যা জঘন্য এবং এটা মনুষ্যত্ত্বের অবমাননা।" "কোরআনসহ যেকোনো পবিত্র গ্রন্থের অবমাননা চূড়ান্ত রকমের অসহিষ্ণুতা ও গোঁড়ামি।" মজার-ই-শরিফে নিহত জাতিসংঘকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ওবামা বলেন, আফগান জনগণকে সহায়তা করতে গিয়ে জীবন দিয়েছে তারা। কথিত কোরআন পোড়ানোর প্রতিবাদে শুক্রবার আফগানিস্তানের মাজার-ই-শরিফে জাতিসংঘ কার্যালয়ে হামলা করে কয়েক হাজার মানুষ। তাতে কমপক্ষে সাতজন বিদেশি জাতিসংঘকর্মীসহ ১২জন নিহত হয়। মার্কিন খ্রিস্টান যাজক টেরি জোন্সের ওয়েবসাইটে বলা হয়, গত ২০ মার্চ ফ্লোরিডার একটি গির্জায় তার উপস্থিতিতে ৫০ জন অনুসারীকে নিয়ে কোরআন পোড়ানো হয়। একই অভিযোগে শনিবার কান্দাহারে বিক্ষোভরতদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত ও ৮৩ জন আহত হয়। ওবামা বলেন, "কোনো ধর্মই নিরীহ জনগণকে হত্যা সহ্য করেনা এবং এ ধরনের অসম্মানজনক ও শোচনীয় কাজের কোনো বৈধতা নেই।" ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার স্থানের কাছে গত বছর ইসলামিক সেন্টার ও মসজিদ নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে জোন্স কোরআন পোড়ানোর হুমকি দেন। তবে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কারণে তিনি পিছু হটেন। ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে মার্কিনীদের প্রতি আহ্বান জানান ওবামা। কোরআন পোড়ানো হলে বিদেশে অবস্থানরত মার্কিন সেনারা বিপদে পড়বে বলেও সতর্ক করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৪০২ ঘ.