ত্রিপোলি, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর প্রচণ্ড বোমা হামলার মুখে রাস লানুফ থেকে পিছু হটেছে বিদ্রোহীরা।
মঙ্গলবার সিরত দখল করতে গিয়ে পাল্টা আক্রমণের মুখে পিছু হটে বিদ্রোহীরা বিন জাওয়াদে অবস্থান নিয়ে সেখান থেকেও বিতাড়িত হয়। এখন তারা রাস লানুফ থেকেও বিতাড়িত হলো।
দুইদিন আগে বিদ্রোহীদের একের পর এক শহর দখলের সাফল্য ম্লান হলো গাদ্দাফি বাহিনীর পাল্টা আক্রমণে।
পূর্বাঞ্চলে বিদ্রোহীদের ঘাঁটিগুলো এখন একের পর এক হাতছাড়া হচ্ছে। নাওফালিয়হ, বিন জাওয়াদ এবং রাস লানুফের পতন ঘটেছে ত্বরিত গতিতে।
প্রচ- হামলার মুখে ব্রেগা শহরও দখলে রাখার চেষ্টা করেনি বিদ্রোহীরা। তবে তারা আবার আজদাবিয়ার দিকে এগুচ্ছে। আজদাবিয়ার পশ্চিম গেটের চারপাশে অবস্থান নিচ্ছে বিদ্রোহীরা।
বিদ্রোহী যোদ্ধ মোহাম্মদ আল আব্রেইগি বলেছেন, "আমরা আজদাবিয়ায় যাচ্ছি। আমরা সেখানে জড়ো হবো। এবং আল্লাহ চাইলে আমরা আবার ব্রেগায় ফিরবো।"
মঙ্গলবার সিরত শহরে গাদ্দাফি বাহিনী প্রথমে বিদ্রোহীদের পিক আপ ট্রাকের ওপর চোরাগোপ্তা হামলা চালায়।
একইসঙ্গে বিভিন্ন শহর এবং নগরে বিদ্রোহীদের ওপর ট্যাংক ও গোলা হামলাও চলায় সরকারি বাহিনী। আর এতেই দ্রুত পিছু হটতে বাধ্য হয় বিদ্রোহীরা।
একই কৌশল সরকারি বাহিনী কাজে লাগিয়েছে রাস লানুফে। শহরটি ত্রিপালির ৩৭৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।
রাস লানুফ থেকে পিছু হটা এক বিদ্রোহী যোদ্ধা ফারাজ মুফতা বলেন, গাদ্দাফি বাহিনী তাদের ওপর প্রচণ্ড রকেট হামলা চালিয়েছে। তারা রাস লানুফে প্রবেশ করেছে।
আরেক যোদ্ধা বলেন, "আমরা রাস লানুফের পশ্চিম গেটে অবস্থান নিয়েছি। আমাদের ওপর বোমা হামলা চলছে।"
রয়টার্সের এক সাংবাদিক জানান, তিনি একের পর এক পিক আপ ট্রাক রাস লানুফ ছেড়ে পূর্ব দিকে চলে যেতে দেখেছেন।
এ থেকে পশ্চিমা বিমান হামলা ছাড়া বিদ্রোহীরা লড়াইয়ে জয়ী হতে পারবে না বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৪ ঘ.
bdnews24