ব্রাসেলস, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়া নিয়ে পশ্চিমা দেশগুলোর কয়েকদিনের টানাপোড়েনের পর সামরিক অভিযানের পূর্ণ নেতৃত্ব দিতে রাজি হয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)।
ন্যাটোর মহাসচিব অ্যান্ড্রেস ফগ রাসমুসেন বলেছেন, লিবিয়ায় সামরিক অভিযানের সম্পূর্ণ দায়িত্ব নিতে সম্মত হয়েছে ন্যাটো। অবিলম্বে তা কার্যকর হবে।
ন্যাটোভুক্ত ২৮ সদস্য রাষ্ট্রের আলোচনা শেষে রোববার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ন্যাটো মহাসচিব বলেন, "জাতিসংঘের ১৯৭৩ এর সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ জনগণ ও জন অধ্যুষিত অঞ্চল গাদ্দাফি বাহিনীর হামলা থেকে রক্ষার জন্য আজ (রোববার) লিবিয়ায় সব ধরনের কর্মকাণ্ড চালানোর দায়িত্ব নিতে সম্মত হয়েছে ন্যাটো।"
ন্যাটোভুক্ত রাষ্ট্রের এক জন কূটনীতিক জানান, এ সিদ্ধান্তের ফলে এখন থেকে লিবিয়ায় সব ধরনের অভিযানের নেতৃত্ব ন্যাটোর।
এর ফলে গত এক সপ্তাহ ধরে এ অভিযানের নেতৃত্ব নিয়ে মতবিরোধের অবসান ঘটলো।
এর আগে বৃহস্পতিবার লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠার দায়িত্ব নেয় ন্যাটো। এ লক্ষ্যে এই সামরিক জোট ৯০ দিনের অভিযান পরিচালনার পরিকল্পনাও করে।
লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং সরকারি বাহিনীর হাত থেকে বেসামরিক মানুষকে রক্ষায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ মার্চ থেকে সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৯ ঘ.
bdnews24