বেনগাজি, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় আজদাবিয়ার পর তেলবন্দর ব্রেগাসহ আরো দুটি শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা।
রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো লড়াই ছাড়াই ঊপকূলীয় শহর ব্রেগা ও উজালার দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী।
গাদ্দাফি অনুগত বাহিনীকে হটিয়ে শনিবার আজদাবিয়ার দখল নেয় তারা।
তেলবন্দর রাস লানুফেরও নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করছে বিদ্রোহীরা। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
পশ্চিমা যৌথবাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সুযোগ নিয়ে গাদ্দাফি অনুগত বাহিনীর দখলে থাকা শহরগুলো এখন একের পর এক দখলের চেষ্টা করছে বিদ্রোহীরা।
ফ্রান্স বলেছে, শনিবার রাতে ফরাসি যুদ্ধবিমান পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতার কাছের একটি বিমান ঘাঁটিতে অন্তত পাঁচটি লিবীয় যুদ্ধবিমান ও দুটি হেলিকপ্টার ধ্বংস করেছে।
লিবিয়া সরকার বলছে, যৌথবাহিনী পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়া থেকে সিরতের মধ্যবর্তী এলাকাগুলোতে বিমান হামলা চালাচ্ছে।
সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, "আমরা সামরিক ও বেসামরিক অনেক মানুষের জীবন হারাচ্ছি।"
লিবিয়ার বিদ্রোহী বাহিনীকে অস্ত্র দেওয়ার খবর নাকচ করে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বিবিসিকে বলেন, যৌথবাহিনী শুধু লিবিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে।
পুরো দেশের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা তা মেনে চলছি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ায় যৌথবাহিনীর অভিযান সফল হচ্ছে।
"আমরা কোনো ভুল করিনি। কারণ দ্রুত পদক্ষেপ নিয়ে মানবিক বিপর্যয় এড়ানো গেছে। নিরাপরাধ অসংখ্য শিশু, নারী ও পুরুষের জীবন রক্ষা পেয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/পিডি/১৮৫৪ ঘ.
bdnews24