টোকিও, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইউকিয়ো এদানো বলেছেন, পরমাণু বিদ্যুৎ নীতি নিয়ে জাপানকে নতুন করে ভাবতে হবে।
বৃহস্পতিবার এদানো রয়টার্সকে বলেন, পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে জনগণের দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন ঘটেছে। এ ব্যবস্থার ওপর থেকে মানুষ আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
"এ প্রেক্ষিতে প্রথমে আমাদের এ পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে এবং তারপর শূন্য থেকে শুরু করতে হবে।"
১১ মার্চের ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎকেন্দ্রের ছয়টি পরমাণু চুল্লির তিনটিতে বিস্ফোরণ ঘটে এবং একটিতে আগুন লাগে। বিস্ফোরণ ঘটা চুল্লিগুলো থেকে তেজস্ক্রিয়া নির্গত হচ্ছে।
এ দুর্যোগের আগে জাপানের বিদ্যুৎ চাহিদার ৩০ শতাংশ উৎপাদিত হতো ৫৫টি পরমাণু চুল্লি থেকে। ২০৩০ সালের মধ্যে পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে ৫০ শতাংশ করার পরিকল্পনা ছিলো জাপান সরকারের।
ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি নিয়ন্ত্রণে আনতে এখনো চেষ্টা চলছে।
বুধবারও ৩ নম্বর চুল্লি থেকে কালো ধোঁয়া ও বাষ্প নির্গত হয়। তবে বৃহস্পতিবার সেখান থেকে কোনো বাষ্প বা ধোঁয়া বের হয়নি। এদিন সকাল থেকেই চুল্লিটি শীতল করতে কাজ শুরু করে কর্মীরা।
এরইমধ্যে বিদ্যুৎ কেন্দ্রটি সংলগ্ন এলাকায় উৎপাদিত খাদ্যদ্রব্য ও পানিসহ টোকিওর পানিতে এবং প্রশান্ত মহাসাগরে তেজস্ক্রিয়া ছড়িয়েছে।
ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ন্ত্রণের কাজে জড়িত তিন কর্মী তেজস্ক্রিয়্ াআক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার তাদের দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২১৫৮ ঘ.
bdnews24