জেরুজালেম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হামাস শাসিত গাজায় আবারো ২০০৮-২০০৯ সালের মতো সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছে ইসরায়েল।
বুধবার ইসরায়েলের দু'টি শহরের অনেক ভেতরে ফিলিস্তিনি রকেট হামলায় এক অধিবাসী আহত হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর দীর্ঘ পাল্টা জবাব দেওয়ার হুমকি দেন।
ফিলিস্তিনি রকেট হামলার ঘটনা ২০০৮-২০০৯ সালের গাজা যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয় মন্তব্য করে ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী সিলভান শ্যালোমও বলেছেন, এরকম অভিযানের ক্ষতিকর দিকটি জানার পরও ইসরায়েলকে ফের এ ধরনের অভিযানের কথা বিবেচনা করতে হতে পারে।
ইসরায়েলি বেতারে শ্যালোম একথা বলেন।
২০০৯ সালে গাজায় তিনসপ্তাহের ওই ইসরায়েলি অভিযানে ১৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছিলো।
গাজায় হামাস সংশ্লিষ্ট ছোট্ট একটি দল ইসলামিক জিহাদ বুধবার ইসরায়েলের বীরসেবা এবং আসদোদ শহরে রকেট হামলার দায় স্বীকার করেছে।
মঙ্গলবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হওয়ার জেরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তারা।
ইসরায়েলের পার্লামেন্টে এক বক্তব্যে নেতানিয়াহু মঙ্গলবারের বিমান হামলায় ফিলিস্তিনি হতাহতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও বলেন, "কোনো দেশই তাদের জনসাধারণের ওপর ক্ষেপণাস্ত্র হামলা মেনে নিতে চায় না। আর ইসরায়েলও তা মেনে নিতে প্রস্তুত নয়।"
"আর সেকারণেই এক্ষেত্রে পাল্টা আঘাত হানা হতে পারে এবং তা বেশ কিছু সময় ধরে চলতৈ পারে। কিন্তু আমরা সন্ত্রাসীদের ওপর হামলা চালাতে বদ্ধপরিকর।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২১ ঘ.
bdnews24