২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় পশ্চিমা হামলার নিন্দায় আরব লীগ

লিবিয়ায় পশ্চিমাদের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে আরব লীগ। সাধারণ মানুষের ওপর হামলার সমালোচনা করেছেন আরব লীগের মহাসচিব আমর মুসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ত্রিপোলি, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ায় পশ্চিমাদের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে আরব লীগ। সাধারণ মানুষের ওপর হামলার সমালোচনা করেছেন আরব লীগের মহাসচিব আমর মুসা। মিশরের সরকারি বার্তা সংস্থাকে তিনি বলেন, লিবিয়ায় এখন যা ঘটছে সেখানে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা অরোপের আহ্বান জানানোর সময় তেমনটি আরবরা চায় নি। তিনি আরো বলেন, "আমরা চাই বেসামরিক নাগরিকদের সুরক্ষা। তাদের ওপর বোমা বর্ষণ নয়। উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার উদ্দেশ্য ছিলো এটিই। কিন্তু এখন লিবিয়ায় যা চলছে তার সঙ্গে এর মিল নেই।" লিবিয়ায় পশ্চিমাদের সামরিক অভিযানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন লাভের পথ প্রশস্ত করেছে গত সপ্তাহে দেশটিতে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণার প্রস্তাবে আরব লীগের সমর্থন। আর এখন লিবিয়ায় পশ্চিমাদের বোমা হামলার বিপক্ষে অবস্থান নিলো আরব লীগ। আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী আরব লীগের এই মোড় পরিবর্তনের কারণে লিবিয়ায় জাতিসংঘের অনুমতিতে চলমান সামরিক অভিযানে পশ্চিমা এবং মুসলিমদের মধ্যে ঐক্য বজায় থাকা নিয়ে অনিশ্চয়তা বাড়লো। আরব লীগের সমর্থন ছাড়া এ হামলা চালিয়ে যাওয়া কঠিন হবে এবং ফলাফলও অনিশ্চিত থেকে যাবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। কেবলমাত্র কাতার প্রকাশ্যে লিবিয়ায় পশ্চিমা-নেতৃত্বাধীন অভিযান সমর্থন করেছে। সংযুক্ত আরব আমিরাতও এ হামলা সমর্থন করতে ইচ্ছুক বলে জানিয়েছে স্কাই নিউজ। পশ্চিমা দেশগুলো বলছে, তারা লিবিয়ায় কেবল সামরিক টার্গেটগুলোতেই হামলা চালাচ্ছে। লিবিয়ার আকাশ প্রতিরক্ষা, ট্যাংকের ওপর হামলা চলছে। যেগুলো বিদ্রোহীদের জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন বলেছেন, নো ফ্লাই জোন কার্যকর রয়েছে। তাছাড়া, পশ্চিমা হামলায় বেসামরিক নাগরিক হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। তবে রাশিয়া বলছে, বেসামরিক নাগরিক হতহেতের ঘটনা ঘটেছে। ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রকে সাধারণ মানুষের ওপর বিমান হামলা বন্ধ করার জন্য ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য লিবিয়ায় বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। রোববার সকালের দিকে ত্রিপোলিতে নতুন করে পশ্চিমা বিমান হামলা হয়েছে। লিবিয়ার একটি বড় বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ৪০ টি বোমা ফেলেছে বলে সিবিএস নিউজ তাদের ওয়েবসাইটে জানিয়েছে। এর আগে শনিবার ফ্রান্স বিদ্রোহী নিয়ন্ত্রিত বেনগাজিতে প্রথম বিমান হামলা চালায়। এতে গাদ্দাফি বাহিনীর কয়েকটি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়। লিবিয়ায় এই অভিযান ২০০৩ সালে ইরাক আক্রমণের পর আরব বিশ্বের কোন দেশে বৃহত্তম সামরিক অভিযান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০০ঘ.