২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের পাশে যুক্তরাষ্ট্র

শক্তিশালী ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামির ক্ষত কাটিয়ে উঠতে জাপানকে সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

টোকিও, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শক্তিশালী ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামির ক্ষত কাটিয়ে উঠতে জাপানকে সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের মন্ত্রিসভার মুখ্যসচিব ইউকিও এদানো বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ভূমিকম্প ও সুনামির ক্ষত কাটিয়ে উঠতে জাপানকে মধ্য ও দীর্ঘমেয়াদী পুনর্গঠনমূলক কাজে সর্বাত্মক সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানকে এ প্রস্তাব দিয়েছেন বলে জানান তিনি। এদানো বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক বিপর্যয় এড়াতে পরমাণু বিশেষজ্ঞ পাঠানোরও প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লিতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর থেকে তেজস্ক্রিয়া ছড়াচ্ছে সংলগ্ন এলাকায়। চূড়ান্ত পারমাণবিক বিপর্যয় এড়াতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে জাপান। গত শুক্রবার ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে জাপানের উত্তরপূর্ব ঊপকূল ভেসে যায়। এতে পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া আট হাজারের বেশি এখনো নিখোঁজ রয়েছে বলে জানান কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/এমআই/১৩৫৯ ঘ.