টোকিও, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক ভূমিকম্পে বিপর্যস্ত জাপান আবার কেঁপে উঠেছে আরেকটি ভূমিকম্পে, রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৬।
বুধবার সকালে রাজধানী টোকিওতে এ ভূকম্পন অনুভূত হয়। এতে শহরের দালান-কোঠা ভীষণভাবে দুলে উঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার জাপানের পূর্ব ঊপকূলে ৮ দশমিক ৯ মাত্রার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের প্রভাবে প্রায় ৩৩ ফুট উঁচু সুনামি পূর্ব ঊপকূলে অনেক এলাকার বেশকিছু ছোট-বড় শহর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
ভূমিকম্প ও সুনামির ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্থ হয়েছে জাপানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি। সেখানকার তিনটি চুল্লীতে বিস্ফোরণের ফলে বাতাসে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়তে শুরু করেছে।
সমস্যাসঙ্কুল ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে বুধবার সকালে সব কর্মীকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তেজস্ক্রিয়ায় আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১০৩০ ঘ.
bdnews24