শোহার (ওমান), ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওমানে রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা দেশটির প্রধান রপ্তানি বন্দর ও তেল শোধনাগারের সড়ক বন্ধ করে দিয়েছে।
রোববার রাজনৈতিক সংস্কার, কর্মসংস্থার ও পর্যাপ্ত মজুরির দাবিতে আন্দোলনকারীদের ওপর গুলি ছোড়ে পুলিশ। এতে ৬ জন নিহত হয়। এ ঘটনায় ক্ষিপ্ত আন্দোলনকারীরা সোমবার সড়ক অবরোধ করে।
প্রায় ১ হাজার বিক্ষোভকারী উপকূলীয় শিল্প নগর শোহারে প্রবেশের প্রধান সড়ক অবরোধ করে রাখে। অঞ্চলটিতে প্রধান রপ্তানি বন্দর, তেল শোধনাগার ও অ্যালুমিনিয়াম শিল্প কারখানা রয়েছে।
রোববার পুলিশ গুলি চালানোর পর বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা একটি পুলিশের একটি থানা ও দুটি সরকারি ভবন পুড়িয়ে দেয়।
শোহার সরকারি হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসক বলেন, "আমরা গতকাল (রোববার) ৬ টি মৃতদেহ গ্রহন করেছি।
এর আগে প্রত্যক্ষদর্শীরা ২ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। পুলিশ বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ছুড়েছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানালেও অন্তত একজন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছে, পুলিশ তাজা গুলিই ব্যবহার করেছে।
সোমবার সকালে শোহারের একটি প্রধান বিপণীবিতানে লুট চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরজুড়ে সেনা বাহিনী মোতায়েন করা হলেও কোথাও বিক্ষোভকারীদের প্রতিরোধের খবর পাওয়া যায়নি।
ওমানে রাজনৈতিক সংস্কার ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ১৯ ফেব্র"য়ারি বিক্ষোভ হয়।
বিক্ষোভের এক সপ্তাহ পর ওমানে মন্ত্রিসভায় রদবদল করা হয়।
সুলতান কাবুস বিন সাইদ গত শনিবার এক আদেশে নতুন মন্ত্রিসভায় মোহাম্মদ বিন নাসের আল-কাসিবিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রী, হামুদ বিন ফয়সাল আল বোউসাইদিকে সরকারি কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং মাদিহা বিনত আহমেদ বিন নাসেরকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৭ ঘ.
bdnews24