২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাজন নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিষেধাজ্ঞা

আমাজন নদীতে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প স্থগিতের নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 06:40 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমাজন নদীতে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প স্থগিতের নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত। পরিবেশের বিপর্যয়রোধে শর্তাবলী পূরণ না হওয়ার কারণে বেলো মন্টে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প স্থগিত করা হয় বলে আদালতের বিচারক রোনাল্ডো ডেসটেররো জানান। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প স্থগিতের পাশাপাশি ব্রাজিলের জাতীয় উন্নয়ন ব্যাংকের (বিএনডিইএস) অর্থায়নের ওপরও বিচারক নিষেধাজ্ঞা জারি করেন বলে শনিবার বিবিসি জানায়। বিচারক ডেসটেররো বলেন, ব্রাজিলের পরিবেশ সংস্থা ইবামা (আইবিএএমএ) পরিবেশ রক্ষার ২৯ টি শর্ত পূরণ না করেই এই প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। ব্রাজিলের বিদ্যুৎ চাহিদা পূরণে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের যে পরিকল্পনা তা বাস্তবায়নে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এ পরিকল্পনা নিয়ে তিনি পরিবেশবাদী ও ব্রাজিলের আদিবাসীদের প্রতিবাদের মুখে পড়েন। পরিবেশবিদদের বক্তব্য হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে আমাজন নদীকে ঘিরে গড়ে ওঠা বিশ্বের অন্যতম বৃহৎ বনভূমি ক্ষতিগ্রস্ত হবে। আদিবাসীরা বলছে, এই প্রকল্প তাদের নদী, বনভূমি, জীবনযাত্রা এবং জীবিকা ধ্বংস করে দেবে। বেলো মন্টে প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ১০ বিলিয়ন মার্কিন ডলার। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, এই প্রকল্প বাস্তবায়িত হলে ২ কোটি ৩০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। পাশাপাশি অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪০ ঘ.