২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সাধারণ মানুষের ওপর হামলার বিপক্ষে লাদেন'

আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন বলেছেন, সাধারণ মানুষের ওপর ইসলামি জঙ্গিদের হামলা চালানো উচিৎ নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 06:50 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

দুবাই, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন বলেছেন, সাধারণ মানুষের ওপর ইসলামি জঙ্গিদের হামলা চালানো উচিৎ নয়। আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি বৃহস্পতিবার ইন্টারনেটে পোস্ট করা এক অডিও বার্তায় এ কথা জানান। লাদেনের বরাত দিয়ে জাওয়াহিরি ওই অডিও বার্তায় বলেন, "মুজাহিদিনরা (যোদ্ধা) মসজিদ, বাজারসহ জনসমাগম হয় এমন জায়গায় প্রায়ই হামলা চালাচ্ছে যেখানে সাধারণ মুসলিমরা জড়ো হয়। আমি ও আমার আল কায়েদার ভাইয়েরা এ ধরনের হামলা-অভিযানের সঙ্গে নেই, আমি তাদের এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই।" তালেবান নেতা মোল্লা ওমর, লাদেনসহ অন্যান্য জঙ্গি নেতারা এর আগেও একই অবস্থান ব্যক্ত করেছেন বলে জাওয়াহিরি জানান। কিন্তু লাদেন চান এ বিষয়টি আবারো মুজাহিদিনদের স্মরণ করিয়ে দেওয়া হোক, বলেন জাওয়াহিরি। জাওয়াহিরি আরো বলেন, "শেখ ওসামা বিন লাদেন এ বিষয়টি পুনরায় সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি মুজাহিদিনদের প্রতি অনুরোধ জানাই, যে কোনো ধরনের অভিযান চালানোর আগে শরিয়ার (ইসলামি আইন) নিয়ম-কানুন এবং মুসলিমদের স্বার্থ যেন তারা বিবেচনা করেন।" জাওয়াহিরি মিশরের চার্চে নববর্ষের প্রার্থনায় যোগ দিতে আসাদের ওপর হামলাকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহারের জন্য চার্চ নেতাদেরই পরিকল্পিত হামলা বলে মন্তব্য করেন। তিনি ওই হামলার সঙ্গে আল কায়েদার কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করেন। ওই হামলায় ২৩ জন মানুষ প্রাণ হারান। ইরাকে আল কায়েদা সম্পৃক্ত জঙ্গিগোষ্ঠীর হামলায় অসংখ্য নিরীহ মানুষ মারা যাচ্ছে। ২০০১ সালে ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার নেপথ্যে ছিল আল কায়েদা। ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ মারা যায়। জাওয়াহিরির ওই অডিওবার্তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে ওই বার্তাটি একটি ইসলামি ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে, যে সাইটটি মাঝে মাঝে বিবৃতি প্রচারের জন্য আল কায়েদা সমর্থকরা ও সংগঠনটির মুখপাত্র হিসেবে জাওয়াহিরি ব্যবহার করে থাকেন। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে জাওয়াহিরিসহ অন্যান্য শীর্ষ আল কায়েদা নেতারা আফগান-পাকিস্তান সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে আত্মগোপন করে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০১ ঘ.