নয়া দিল্লি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ধনীদের জমকালো বিয়ের অনুষ্ঠানের বিপুল আয়োজনে অপচয়ের রাশ টেনে ধরে দরিদ্রদের মুখে অন্ন যোগাতে চায় ভারত। তাই জমকালো বিয়ের অনুষ্ঠানে ভুরিভোজের ওপর কড়াকড়ির পরিকল্পনা করছে সরকার।
এসব বিয়ের অনুষ্ঠানের বিপুল আয়োজনে যে পরিমাণ খাবার নষ্ট হয় তা বাঁচানোই এ পরিকল্পনার উদ্দেশ্য।
এ সমস্ত অনুষ্ঠানে ১৫ শতাংশ খাদ্যশস্য অপচয় হয় বলে জানিয়েছেন ভারতের খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কে ভি থমাস।
থমাসের উদ্ধৃতি দিয়ে মেইল টুডে পত্রিকা মঙ্গলবার জানিয়েছে, "বিলাসবহুল ও জমকালো সামাজিক অনুষ্ঠানে অপচয় বন্ধে বিপুল খাবারের আয়োজনের ওপর বিধি-নিষেধ আরোপ করে আমরা দেশের দরিদ্র ও অভাবী মানুষের জন্য খাদ্যশস্য বাঁচাতে পারবো বলে মনে করছি।"
তিনি বলেন, অনুষ্ঠানে অতিথিদেরকে পরিমাণমতো খাবার দেওয়ার জন্য খাবারের নির্দিষ্ট মাপ নির্ধারণ করে একটি বিল পার্লামেন্টে তুলবে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৩৭ ঘ.
bdnews24