ত্রিপোলি, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে রক্তক্ষয়ী সংঘর্ষের পর রাজধানী ত্রিপোলিতেও সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বহু মানুষ হতাহতের ঘটনাও ঘটেছে। বর্তমান পরিস্থিতি দেখে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম।
সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতার দিকে গড়ালেও শেষ পর্যন্ত লড়াই চালানোর কথা বলেছেন তিনি।
রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ায় চার দশক ধরে ক্ষমতায় থাকা মুয়াম্মার গাদ্দাফি এবারই প্রথম বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলেন।
জনতা রোববার রাজধানী ত্রিপোলির রাস্তায় বিক্ষোভে নামে। রাতভর বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আল জাজিরা টেলিভিশন এক হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে ত্রিপোলিতে বিক্ষোভ সহিংসতায় ৬১ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।
সোমবার ত্রিপোলির পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও একটি সরকারি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক। তিনি বলেন, "আমি পিপলস হলে আগুন জ্বলতে দেখেছি। অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিলো।"
রয়টার্সের খবরে বলা হয়েছে, ত্রিপোলিতে পিপলস হলের এই ভবনটিতে জেনারেল পিপলস কংগ্রেস বা পার্লামেন্টের অধিবেশন বসে। সকালের দিকে এ ভবনটিতে আগুন দেখা গেছে।
অন্যদিকে, রয়টার্সের আরেক খবরে জানা গেছে, কয়েকশ সশস্ত্র লিবিয় বিক্ষোভকারী দক্ষিণ কোরিয়া-পরিচালিত একটি কনস্ট্রাকশন সাইটে হামলা চালালে ১৫ বাংলাদেশিসহ অন্তত ১৮ জন বিদেশি আহত হয়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার একথা জানায়।
আহত ১৫ বাংলাদেশির দুজিন ছুরিকাহত হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। আহত হয়েছে তিন দক্ষিণ কোরিয়ও। তবে তাদের অবস্থা অতটা গুরুতর নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ত্রিপোলিতে এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সোমবার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে ভাষণ দেন সাইফ। জনগণকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী সরকারের সঙ্গে রয়েছে এবং যে কোনো মূল্যে তারা স্থিতিশীলতা বজায় রাখবে।
"আমরা মানসিকভাবে অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছি এবং আমাদের নেতা মুয়াম্মার গাদ্দাফি ত্রিপোলিতে আমাদের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার পেছনে রয়েছি, যেমনটি রয়েছে লিবিয়ার সেনাবাহিনী", বলেন তিনি।
সাইফ আরো বলেন, "শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো। আমরা ইতালিয়ান কিংবা তুর্কিদের মতো লিবিয়া ছেড়ে যাবো না।"
টেলিভিশন ভাষণে মাঝে মাঝেই আঙুল উঁচিয়ে সাইফ বর্তমান অবস্থার জন্য প্রবাসী লিবীয়দের বিরুদ্ধে অভিযোগ করেন। তবে তিনি 'যথাযথ' রাজনৈতিক সংস্কার করবেন বলে প্রতিশ্র"তি দিয়েছেন।
বিক্ষোভ নিয়ে সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত খবর প্রকাশ হচ্ছে বলে অভিযোগ করেন গাদ্দাফিপুত্র। হতাহতের যে সংখ্যা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, প্রকৃত সংখ্যা এর অনেক কম বলেও দাবি করেন তিনি।
সংবাদ মাধ্যমের খবর, কঠোর হাতে বিক্ষোভ দমন করছে লিবিয়া সরকার। আর এ পর্যন্ত অন্তত ২ শতাধিক নিহত হয়েছে।
বেনগাজির আল জালাল হাসাপাতালের চিকিৎসক ব্রাইকা বিবিসিকে জানান, শনিবার গুলিতে নিহত ২০৮ জনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এছাড়া অন্য একটি হাসপাতাল মর্গে রয়েছে ১২টি লাশ।
ত্রিপোলিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর গাদ্দাফির উত্তরাধিকারী সাইফের প্রথম ভাষণে সংস্কারের প্রতিশ্র"তি এলেও তাতে সন্দেহ কাটছে না লিবীয়দের।
বেনগাজির এক আইনজীবী বলেন, "তার (সাইফ আল ইসলাম) বক্তব্য শুনে বেনগাজির মানুষ হাসাহাসি করেছে। একই পুরনো গল্প (সংস্কারের প্রতিশ্র"তি)। কেউই তার কথা বিশ্বাস করেনি।"
তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "সে একটা (গাদ্দাফি) মিথ্যাবাদী, প্রতারক। ৪২ বছর ধরে আমরা এই মিথ্যা শুনে আসছি।"
মিশর ও তিউনিশয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিজয়ের পর লিবিয়াসহ কয়েকটি আরব দেশে সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে মানুষ।
বিক্ষোভ দমনে লিবিয় সরকারের তৎপরতার নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো।
এদিকে ভারতে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আলি আল আসায়ি পদত্যাগ করেছেন। পদত্যাগী ওই রাষ্ট্রদূত বিবিসিকে জানান, ২ শতাধিক সরকারবিরোধী আন্দোলনকারীকে হত্যার প্রতিবাদেই তার এ সিদ্ধান্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১২৫৭ ঘ.
bdnews24