ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলিউডের বিখ্যাত অভিনয়শিল্পী এলিজাবেথ টেইলরকে হৃদযন্ত্রে সমস্যার কারণে লস এঞ্জেলেসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেইলরের মুখপাত্র শেলি মরিসনের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানায়।
মরিসন জানান, সাম্প্রতিক স্বাস্থ্য সমস্যার কারণে ৭৮ বছর বয়সী এই অভিনেত্রীকে লস এঞ্জেলেসের সিডার্স-সিনাই চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।
তবে টেইলরকে ঠিক কতদিন চিকিৎসাকেন্দ্রে থাকতে হবে এ বিষয়টি নিশ্চিত নয়।
এলিজাবেথ টেইলর দীর্ঘ সময় ধরেই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২০০৯ সালে তার হৃদপিণ্ডে অস্ত্রোপচার করা হয়।
এক বিবৃতিতে মরিসন জানান, "তার পরিবার ও কাছের বন্ধুরা এ সময় তাকে যথেষ্ট সহায়তা দিয়ে যাচ্ছেন।"
এলিজাবেথ টেইলর ১৯৬১ সালে 'বাটারফিল্ড ৮' এবং ১৯৬৭ সালে 'হুস অ্যাফ্রেড অব ভার্জিনিয়া উলফ' চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কার অর্জন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩২ ঘ.
bdnews24