২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুবারকের পদত্যাগে মিশরজুড়ে উল্লাস

মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের ক্ষমতা ছাড়ার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আন্দোলনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 07:10 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

কায়রো, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের ক্ষমতা ছাড়ার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে আন্দোলনকারীরা। কায়রোর তাহরির স্কয়ারে (স্বাধীনতা চত্ত্বর) সমবেত বিক্ষোভকারীরা আনন্দাশ্রুতে উদযাপন করে আন্দোলনে বিজয়ের সেই মুহূর্ত। দেশের বিভিন্ন স্থানে আনন্দ করতে করতে রাস্তায় নেমে আসে মুবারকের শাসনবিরোধী জনতা। শুক্রবার সন্ধ্যায় মিশরের ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমান রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দেওয়া এক ভাষণে মুবারকের পদত্যাগের কথা ঘোষণা করেন। ভাষণে ওমর সুলাইমান জানান, মুবারক পদত্যাগ করে সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্ষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। মুবারকের পদত্যাগের খবরে মিশরের কলসেন্টার কর্মী রাশা আবু ওমর তার প্রতিক্রিয়ায় বলেন, "একজন মিশরীয় হিসেবে আমি অত্যন্ত গর্বিত, আর একমাত্র এভাবেই আমি আমার অনুভূতি জানাতে পারি।" ওমর আরো বলেন, "শেষপর্যন্ত আমরা আমাদের পছন্দের সরকার নির্বাচন করতে যাচ্ছি। আর এর মাধ্যমে আমরা তুলনামূলকভাবে একটি ভালো দেশ পাবো যা সবসময় আমরা কল্পনা করেছি।" মুবারকের পদত্যাগের খবর জানার সঙ্গে সঙ্গে কায়রোর নিকটবর্তী সব রাস্তায়, আলেকজান্দ্রিয়াসহ দেশের সব শহরের রাস্তায় নেমে আসে উল্লসিত জনগণ। আতশবাজি পুড়িয়ে এবং লাল-সাদা-কালোয় নির্মিত মিশরীয় পতাকা উড়িয়ে তারা তাদের আনন্দ আর বিজয় উদযাপন করে। গত ২৫ জানুয়ারি মুবারকের পদত্যাগ দাবিতে মিশরে যে আন্দোলন শুরু হয়, ক্রমশ সেটি ব্যাপক গণবিক্ষোভে রূপ নেয়। অবশেষে ১৮ দিনের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য হন মুবারক। এর মধ্যদিয়ে দেশটিতে মুবারক জমানার অবসান হলো। হোসনি মুবারক টানা ৩০ বছর মিশর শাসন করেন। মিশরে আগামী সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই সময় পর্যন্ত দেশ পরিচালনা করবে সেনাবাহিনীর ওই পর্ষদ। আর এর নেতৃত্বে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী হুসেন তান্তাভি। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, গত ১৮ দিনের সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় অন্তত ২৯৭ জন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সংগঠিত হয়ে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে ২৫ জানুয়ারি কায়রোর রাজপথে নামে হাজার হাজার মানুষ। আন্দোলনের এক পর্যায়ে দেশটির সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার ঘোষণা দেয়। অবশেষে দেশের অভ্যন্তরে ব্যাপক গণআন্দোলন ও বহির্বিশ্বের চাপে শুক্রবার ক্ষমতা ছাড়তে বাধ্য হন মুবারক। প্রসঙ্গত, ১৯৮১ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকাণ্ডের পর দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/সিআর/১৩০০ ঘ.