২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুবারক যুগের অবসান

প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের মধ্য দিয়ে মিশরে তার ৩০ বছরের শাসনের অবসান ঘটলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

কায়রো, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের মধ্য দিয়ে মিশরে তার ৩০ বছরের শাসনের অবসান ঘটলো। ২৫ জানুয়ারি থেকে রক্তক্ষয়ী আন্দোলনের পর শুক্রবার সন্ধ্যায় মিশরের ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমান রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে মুবারকের পদত্যাগের কথা ঘোষণা করেন। ওমর সুলাইমান বলেন, মুবারক পদত্যাগ করে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন। তার এ ঘোষণার সঙ্গে সঙ্গে কায়রোর তাহরির চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে জড়ো হওয়া লাখো জনতা উল্লাসে ফেটে পড়ে। অবশ্য বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে মুবারক বলেন, সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। তার ওই ঘোষণা প্রত্যখ্যান করে আন্দোলনকারীরা শুক্রবার নতুন উদ্যমে বিক্ষোভ শুরু করলে সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে তার পদত্যাগের খবর আসে। এর আগে সপরিবারে রাজধানী কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে পর্যটন নগরী শারম আল শেখ-এ যান ৩০ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা হোসনি মুবারক। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, গত ১৭ দিনের সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় অন্তত ২৯৭ জন নিহত হয়েছে। হতাহতের ঘটনা ছাড়াও আন্দোলনে বিপর্যস্ত হয়েছে দেশটির অর্থনীতি। আর্থিক ক্ষতির পরিমাণ ৩১ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে হিসাব দিয়েছেন মিশরের ক্রেডিট এগ্রিকোল ব্যাংকের বিশ্লেষকরা । তীব্র গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনে আল-আবিদিনে বেন আলী ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর মিশরেও সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সংগঠিত হয়ে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে ২৫ জানুয়ারি কায়রোর রাজপথে নামে হাজার হাজার মানুষ। আন্দোলন দমনে পুলিশি হস্তক্ষেপের পর বিক্ষোভ আরো জোরদার হয়। বিক্ষোভে অংশ নিতে ২৮ জানুয়ারি কায়রো ফেরেন জাতিসংঘের সাবেক প্রধান পরমাণু অস্ত্র পরিদর্শক মোহাম্মদ এল বারাদি। এদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত প্রাদেশিক শহরগুলোতে কারফিউ জারি করে সরকার। রাজপথে নামে সেনাবাহিনী। কিন্তু কারফিউ ভেঙে বিক্ষোভ চলে কায়রোর তাহরির স্কয়ারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৯ জানুয়ারি মন্ত্রিসভা ভেঙে দেন মুবারক। সাবেক গোয়েন্দা প্রধান ওমর সুলাইমানকে সেদিনই ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন তিনি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক বেসামরিক বিমান চলাচলমন্ত্রী আহমেদ শফিককে। শফিকের নেতৃত্বাধীন মন্ত্রিসভা ৩১ জানুয়ারি শপথ নেয়। ১ ফেব্র"য়ারি জাতির উদ্দেশে ভাষণে মুবারক এই আন্দোলনের জন্য মুসলিম ব্রাদারহুডকে দায়ী করে বলেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি লড়বেন না। তবে জনগণের 'কাঙ্খিত সংষ্কারের জন্য ওই সময় পর্যন্ত ক্ষমতায় থাকার কথা বলেন তিনি। বিক্ষোভ শুরুর পরপরই দেশটিতে রাজনৈতিক সংষ্কার ও অর্থবহ পরিবর্তনের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র প্রশাসন। মিশরে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে 'অর্থবহ পরিবর্তন' বাস্তবায়নের উদ্দেশ্যে ৩১ জানুয়ারি মিশরে বিশেষ দূত হিসেবে ফ্রাঙ্ক উইজনারকে পাঠায় যুক্তরাষ্ট্র। মিশরের নানাপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে মুবারকের পদত্যাগের দাবিতে রাজপথে লাখো জনতার বিক্ষোভের মধ্যেই ৫ ফেব্র"য়ারি উইজনার বলেন, আগামী সেপ্টেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকবেন মুবারক। এরপর জনতার আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে। এর সঙ্গে ঘরে-বাইরে নানামুখী চাপ বাড়তে থাকায় ৫ ফেব্র"য়ারি ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতৃত্বে রদবদল করা হয়। মুবারকের ছেলে গামালসহ দলটির শীর্ষ নেতারা পদত্যাগ করেন। জনগণকে শান্ত করতে ৭ ফেব্র"য়ারি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় মিশরের মন্ত্রিপরিষদ। বিরোধী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডসহ বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনাও শুরু হয়। কিন্তু মুবারকের পদত্যাগের দাবিতে অনড় থাকে আন্দোলনকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২২৫৩ ঘ.