২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বৈরশাসকদের ঘুম হারাম করেছে প্রযুক্তি: শিরিন এবাদি

শান্তিতে নোবেল বিজয়ী শিরিন এবাদি বলেছেন, ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমে রাজনৈতিক বিষয়ে জনগণের সংগঠিত হওয়া স্বৈরশাসকদের রাতের আরামের ঘুম হারাম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

লন্ডন, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তিতে নোবেল বিজয়ী শিরিন এবাদি বলেছেন, ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমে রাজনৈতিক বিষয়ে জনগণের সংগঠিত হওয়া স্বৈরশাসকদের রাতের আরামের ঘুম হারাম করেছে। জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি এবং তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে প্রযুক্তি মুখ্য ভূমিকা পালন করেছে জানিয়ে তিনি বলেন, "স্বৈরাচারদের রাতের ঘুম হারাম করার জন্য প্রযুক্তিকে ধন্যবাদ।" মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন ও গত মাসে তিউনিসিয়ার গণঅভ্যুত্থানের বিষয় উল্লেখ করে বুধবার এবাদি বলেন, স্বৈরশাসকদের উৎখাতের পর আর কোনো স্বৈরশাসক যেন ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে গণতন্ত্রপন্থীদের সচেতন হতে হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্রমশ ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ ইরানেও দানা বাঁধছে বলে ইঙ্গিত দিয়েছেন ২০০৩ সালে প্রথম মুসলিম নারী হিসেবে নোবেল বিজয়ী ইরানের এ মানবাধিকার কর্মী। এবাদি বলেন, "ভবিষ্যতে কি ঘটবে তা এখনই বলা যাবে না। তবে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে চরম অসন্তোষ রয়েছে। খুব সামান্য কোনো ঘটনায় ছাইয়ের নিচের চাপা আগুন হঠাৎ জ্বলে উঠতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএইচ/সিআর/১৪৩৩ ঘ.