ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইতির সাবেক স্বৈরশাসক জ্যঁ ক্লদে দ্যুভালিয়ারের সুইস ব্যাংকে থাকা অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড।
বিবিসিসূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে হাইতির রাষ্ট্র ক্ষমতা থেকে দ্যুভালিয়ার সরে যাওয়ার পর সুইস ব্যাংকে থাকা প্রায় ৬০ লাখ ডলার সমপরিমাণ অর্থ জব্দ করা হয়।
অ্যাকাউন্ট জব্দের বিরুদ্ধে মামলা হলে সুইজারল্যান্ডের একটি আদালত, গত বছরের মার্চে দ্যুভালিয়ারের নামে জমাকৃত ওই বিপুল পরিমাণ অর্থ অতি অবশ্যই তাকে ফেরত দিতে হবে বলে নির্দেশ দেয়।
কিন্তু সুইস সরকার এই অর্থ হাইতিকে দেওয়ার জন্য একটি নতুন আইন প্রণয়নের চেষ্টা চালায়।
ফেব্র"য়ারি মাসের ১ তারিখ থেকে সুইস সরকারের নতুন আইন কার্যকর হয়। এই আইনের মাধ্যমে সুইস কর্তৃপক্ষ বাজেয়াপ্ত হওয়া অর্থের প্রকৃত মালিকানা যেদেশের সেদেশে ফেরত পাঠাতে পারবে। এর বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করা যাবে না।
দ্যুভালিয়ারের মামলার আলোকেই অংশত সুইজারল্যান্ড সরকার এই আইন প্রণয়ন করেছে।
গচ্ছিত অর্থ বৈধ প্রক্রিয়ায় উপার্জিত হয়েছে বলে প্রমাণ করতে পারলেই কেবল এই অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করতে পারবেন দ্যুভালিয়ার। অন্যথায় এই অর্থ হাইতি সরকারের কাছে ফেরত পাঠানো হবে।
'বেবি ডক' নামে পরিচিত দ্যুভালিয়ার গত মাসে আকস্মিকভাবে দীর্ঘ নির্বাসন থেকে হাইতিতে প্রত্যাবর্তন করেন।
তার বিরুদ্ধে ১৯৭১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন চুরি ও অবৈধ উপায়ে অর্থ অর্জনের অভিযোগ রয়েছে।
এ ছাড়াও হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
তবে এসব অভিযোগই অস্বীকার করেছেন দ্যুভালিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২১ ঘ.
bdnews24