সিউল, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিবদমান উত্তর ও দক্ষিণ কোরিয়া ৮ ফেব্র"য়ারি প্রাথমিক সামরিক আলোচনায় বসতে সম্মত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
দুই কোরিয়ার মধ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা কমানোর লক্ষ্যে সামরিক পর্যায়ে আলোচনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বছরের মার্চে দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ 'চেওনান' টর্পেডোর আঘাতে ডুবে যায়। এতে ৪৬ জন নাবিকের মৃত্যু হয়। এ বিষয়টি নিয়েও দুই কোরিয়া আলোচনায় সম্মত হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন মহলের ধারণা উত্তর কোরিয়াই টর্পেডো হামলা চালিয়ে 'চেওনান' ডুবিয়ে দিয়েছে।
কিন্তু বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
আগামী ৮ ফেব্রুয়ারি সামরিক পর্যায়ের এই আলোচনায় আরো উচ্চ পর্যায়ে আলোচনার বিষয়সমূহ নির্ধারণ করা হবে।
দুই দেশের মন্ত্রীদের মধ্যে উচ্চ পর্যায়ের ওই আলোচনা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৫ ঘ.
bdnews24