ইয়াঙ্গুন, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে গান পাউডারের গুদামে এক বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টার (বাংলাদেশ সময় রাত ১ টা ৩০ মিনিট) দিকে ইয়াঙ্গুনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা মিঙ্গালার টাউঙ্গ নিউন্টে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তবে এর আগে, ইয়াঙ্গুনের শিল্পাঞ্চলে এক বিস্ফোরণে ৫০ জন নিহত হওয়ার খবর জানিয়েছিলো প্রত্যক্ষদর্শীরা।
কিন্তু ইয়াঙ্গুনের এক পুলিশ কর্মকর্তা ঘটনাটির সময় ভোর ৬টা বলে জানান। তার বর্ণনা মতে, বিস্ফোরণে ১২ জন পুরুষ ও ৫ নারী নিহত হয়েছে। আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলেও জানান তিনি।
নিহতদের তিনজন অগ্নিনির্বাপন কর্মী বলে জানিয়েছে পুলিশ।
বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো ইয়াঙ্গুন শহর। এরপর বিস্ফোরণস্থলের আশপাশ প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে যায় ও ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলের আশপাশের কলকারখানা ও ঘরবাড়ির মারাত্মক ক্ষতি হয়েছে।
বিস্ফোরণের ফলে লাগা আগুন দুপুরের একটু আগে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কিছু প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, একটি রাসায়নিক কারখানার (গানপাউডার) গুদামে আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, তারপর ছোট ছোট আরো কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইয়াঙ্গুন অগ্নিনির্বাপন বিভাগের এক কর্মকর্তা বলেন, “গানপাউডারের গুদামে প্রথম আগুন লাগে। আগুনে গানপাউডার বিস্ফোরিত হলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।”
তবে এটাকে কোনো নাশকতামূলক কাজ বলে তিনি মনে করেন না বলে জানান।
গানপাউডারের গুদামটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক সরকারী কর্মকর্তা।
ইয়াঙ্গুনের সবগুলো অগ্নিনির্বাপন গাড়ি দুর্ঘটনাস্থলে হাজির আছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এর আগে, গত বুধবার ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এক গণশৌচাগারে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় এক নারী নিহত ও অপর এক নারী আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৮ ঘ.
bdnews24