বৈরুত, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভের প্রাণকেন্দ্র হমস শহরের পরিস্থিতি ‘আশ্বস্থ হওয়ার মতো’ বলে মন্তব্য করেছেন আরবলীগ পর্যবেক্ষক দলের প্রধান জেনারেল মুস্তফা আল দাবি।
বুধবার এক টেলিফোন সাক্ষাৎকারে রয়টার্সকে এ কথা জানান তিনি।
সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ নিরসনে আরব লীগ প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বাস্তবায়ন দেখতে সোমবার সিরিয়া যান আরব লীগের ৫০ সদস্যের পর্যবেক্ষক দল।
আরব লীগের ওই প্রস্তাবে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার। মঙ্গলবার প্রেসিডেন্ট আসাদ বিরোধী বিক্ষোভের কেন্দ্র হমস থেকেই কাজ শুরু করেন পর্যবেক্ষকরা।
পরিস্থিতি পর্যবেক্ষণের পর সুদানীয় সেনা কর্মকর্তা আল দাবি বলেন, “পরিস্থিতি এখনো পর্যন্ত আশ্বস্থ হওয়ার মতোই মনে হচ্ছে।”
“শহরের পরিস্থিতি গতকাল শান্ত ছিলো। কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। শহরে আমরা কোনো ট্যাংক দেখিনি, তবে কিছু সাঁজোয়া যান দেখেছি। কিন্তু এটা স্মরণ রাখতে হবে এখানে আমাদের এটা প্রথম দিন। তদন্ত ছাড়া প্রকৃত অবস্থা কিছু বোঝা যাবে না। আমাদের দলের ২০ জন এখানে দীর্ঘদিন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে,” বলেন তিনি।
পর্যবেক্ষক দল হমস শহরের গভর্নরের সঙ্গে বৈঠকের মাধ্যমে মঙ্গলবারই তাদের মিশন শুরু করেছেন বলে জানিয়েছে সিরিয়ার টেলিভিশন চ্যানেল ‘দুনিয়া’ ।
এদিকে, পর্যবেক্ষক দলের মিশন শুরুর আগেই হমস থেকে ট্যাংক প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
এছাড়া, হমসে বিরোধী দলীয় কর্মীরা জানিয়েছে, অন্তত ১১ টি ট্যাংক প্রত্যাহার করা হয়েছে এবং বাকিগুলো লুকিয়ে ফেলা হয়েছে।
জাতিসংঘের হিসাবে বিক্ষোভ দমনে গত মার্চ থেকে সিরিয়ায় এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৭৩৬ ঘ.
bdnews24