কানো, নাইজেরিয়া, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গি সংগঠন বোকো হারামের মধ্যে দুদিনের লড়াইয়ে অন্তত ৬৮ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার ওই লড়াই হয় বলে শনিবার জানিয়েছে নাইজেরিয়ান কর্তৃপক্ষ।
গত কয়েক সপ্তাহ ধরে দেশটির উত্তরাঞ্চলে আকস্মিক গুলিবর্ষণ, বোমাবিস্ফোরণের ঘটনার জন্য বোকো হারামকে দায়ী করা হচ্ছে।
বোকো হারাম নাইজেরিয়ায় ইসলামি শরিয়া আইন চালু করতে চায়। কিন্তু খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে দেশটি কার্যত দুভাগে বিভক্ত।
নিরাপত্তা বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আজুবুইক ইহেজিরিকা জানান, বৃহস্পতিবার ও শুক্রবার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় দামাতুরু শহরে লড়াইয়ে সেনাবাহিনী বোকো হারামের ৫০জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে।
এসময় তিনজন সেনাসদস্যও নিহত হয় বলে জানান তিনি।
তিনি বলেন, “দামাতুরুতে বোকো হারামের সঙ্গে বেশ বড় ধরনের লড়াই হয়েছে। লড়াইয়ে আমরা তাদের আস্তানা ও অস্ত্রাগার দখল করে নিয়েছি। তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রসহ মেশিনগানের মতো ভারী অস্ত্র ও বোমা নিয়ে আক্রমণ করেছিলো। তবে আমাদের প্রশিক্ষিত সেনারা তাদেরকে পরাজিত করেছে। ”
পৃথক একটি ঘটনায় শুক্রবার জুমার নামাজের পর একই শহরে সন্দেহভাজন বোকো হারাম সদস্যদের গুলিবর্ষণে চার পুলিশ সদস্য নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া, উত্তরপূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে বৃহস্পতিবার অপর এক হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয় বলে এক মর্গ কর্মকর্তা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এমআই/১৩১৫ ঘ.
bdnews24