ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের তথ্যমন্ত্রী ফেরদৌস আশিক আওয়ান পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েকঘণ্টা পর আবার তা প্রত্যাহার করেছেন।
মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমার পদত্যাগপত্র ছিঁড়ে ফেলে কাজ চালিয়ে যেতে বলেছেন।”
রোববার করাচিতে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগপত্র জমা দেন আওয়ান। রাষ্ট্রীয় টেলিভিশনে তা স¤প্রচার করা হয়।
তবে প্রধানমন্ত্রী ফেরদৌসের এই পদত্যাগপত্র তাৎক্ষণিকভাবে গ্রহণ করেননি।
ফেরদৌস তার পদত্যাগের কারণ ব্যাখ্যা না করলেও পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, ক্ষমতাসীন পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বের প্রতি অনাস্থার কারণেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
পদত্যাগের ঘোষণায় ৪১ বছর বয়স্ক আওয়ান গিলানিকে উদ্দেশ্য করে বলেন, “আমি আপনার নেতৃত্ব মেনে নিয়েছি। কিন্তু আমি মনে করি মন্ত্রী হিসেবে আমি যথেষ্ট দক্ষ নই। তাই আমি পদত্যাগপত্র পেশ করছি।”
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে পিপিপি এগিয়ে যাবে, যোগ করেন তিনি।
মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন এমন একটি সূত্রকে উদ্ধৃত করে ডন জানায়, মন্ত্রিসভার সদস্য বাবর আওয়ান ও মাওলা বক্স পদত্যাগের বিষয়ে ফেরদৌসকে আরো চিন্তা করার আহ্বান জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৪২৪ ঘ.
bdnews24