ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদেশিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে মুদ্রা বিনিময়ের ঘোষণা দিয়েছে চীন।
এর মধ্য দিয়ে ধাপে ধাপে দেশের বাইরে কঠোর নিয়ন্ত্রণে রাখা মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ানোর ইঙ্গিত দিলো কমিউনিস্ট শাসিত এ দেশটি।
শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, চীনের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এক হাজার কোটি ইউয়ানের সঙ্গে ১৪ হাজার কোটি পাকিস্তানি রূপি বিনিময়ের বিষয়ে শুক্রবার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে তাদের মতৈক্য হয়েছে।
এর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার আশা প্রকাশ করা হলেও কিভাবে এ অর্থ ব্যবহার করা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ধরনের চুক্তির ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো একে অন্যের দেশের মুদ্রা লেনদেনের সুযোগ পাবে। তবে বিভিন্ন কোম্পানির ওই সব মুদ্রা পাওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণপত্র জারি করতে এবং তা লেনদেন করতে নীতিমালা প্রণয়ন করতে হবে।
দেশের বাইরে ইউয়ানের ব্যবহার বাড়ার ফলে চীনা ব্যবসায়ী যারা সাধারণত ডলার ও ইউরোর মাধ্যমে লেনদেন করে তাদের ব্যয় কমে আসবে। এছাড়া ইউয়ান কাছে থাকা বিদেশি ক্রেতাদের জন্য চীনা পণ্য কেনা সহজ হবে।
পাকিস্তান ছাড়াও থাইল্যান্ডের সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তি হয়েছে বলে চলতি সপ্তাহে চীনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
এছাড়া আর্জেন্টিনা ও কাজাখস্তানের সঙ্গেও মুদ্রা বিনিময় করে আসছে এ দেশটি। জরুরি পরিস্থিতিতে কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংককে ইউয়ান ধার দেওয়ার প্রতিশ্র“তিও দিয়েছে চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/জিএনএ/১৯৪৫ ঘ.
bdnews24