২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরীয় বাহিনীর সর্বাধিনায়ক কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যুর এক সপ্তাহ পর তার ছোটো ছেলে কিম জং উনকে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলে উল্লেখ করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

সিউল, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যুর এক সপ্তাহ পর তার ছোটো ছেলে কিম জং উনকে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলে উল্লেখ করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এর মধ্য দিয়ে অনূর্ধ্ব ত্রিশ বয়সী এই যুবক বিশ্বের চতুর্থ শক্তিধর সামরিক বাহিনীর সর্বোচ্চ নেতার দায়িত্বে আসছেন। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোডোং সিনমুনের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, “উত্তর কোরিয়ার জনগণ কমরেড কিম জং উনের নেতৃত্বে সোঙ্গুন বিপ্লব শেষ করবে।” গত ১৯ ডিসেম্বর পিয়ংইয়ং জানায়, কিম জং ইল (৬৯) ১৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকেই তার ছোটো ছেলে কিম জং উনকে দেশটির ‘মহান উত্তরাধিকার’ বলে আসছে সেদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম। এছাড়া তার রাষ্ট্রীয় পদবী হিসেবে উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস-চেয়ারম্যান হিসেবেও পরিচয় দেওয়া হচ্ছে। কিম জং ইল বাবা কিম ইল সাংয়ের কাছ থেকে রাষ্ট্রক্ষমতা গ্রহণের তিন বছর আগে ১৯৯১ সালে দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়কের (সুপ্রিম কমান্ডার) দায়িত্ব নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৮২৪ ঘ.