২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আত্মঘাতী হামলার নিন্দায় নিরাপত্তা পরিষদ

সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী গাড়িবোমা হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যেকোনো সন্ত্রাসী কার্যকলাপই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ১৫ সদস্যে বিশিষ্ট ওই পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী গাড়িবোমা হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যেকোনো সন্ত্রাসী কার্যকলাপই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ১৫ সদস্যে বিশিষ্ট ওই পরিষদ। শুক্রবারের ওই হামলায় শিশুসহ ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৫০ জনের বেশি মানুষ আহত হয়। হামলার দিনই এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ ওই বোমা হামলার নিন্দা করেছে বলে বিবিসি জানায়। বোমা হামলায় নিহতদের আত্মীয়স্বজনদের প্রতি নিরাপত্তা পরিষদ গভীর সমবেদনা প্রকাশ করে। কোনো দেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে নিরাপত্তা পরিষদ সাধারণত সেই দেশের সরকারের প্রতি সমবেদনা প্রকাশ করে। কিন্তু সিরিয়ার ক্ষেত্রে এ নীতি অনুসরণ করা হয়নি। এই হামলার জন্য সিরীয় কর্তৃপক্ষ আল কায়েদাকে দায়ী করেছে। তবে সরকারবিরোধীরা অভিযোগ করেছে, বিক্ষোভ দমনে চালানো দমনপীড়নকে বৈধতা দিতে সরকারই এ হামলার নাটক সাজিয়েছে। আরব লিগ পর্যবেক্ষকরা সিরিয়ায় উপস্থিত হওয়ার একদিন পরই এ হামলা চালানো হয়। আরব লিগের সাথে সিরিয়ার সই করা শান্তি চুক্তি অনুযায়ী রাস্তায় মোতায়েন সেনাদের প্রত্যাহার বিষয়টি দেখতে পর্যবেক্ষকরা সিরিয়ায় এসেছেন। সিরিয়ায় সহিংসতা অবসানের লক্ষ্যে শান্তি চুক্তি হয়। কিন্তু মানবাধিকার আন্দোলনকারী ও সরকারবিরোধী আন্দোলনকারীরা দাবি করেছে, শুক্রবারও সরকারি বাহিনীর গুলিতে অন্ততপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার অবশ্য দাবি করছে তারা সশস্ত্র গোষ্ঠীর সাথে লড়াই করছে। চলতি বছরের মার্চ থেকে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৪ ঘ.