ইয়াঙ্গুন, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/রয়টার্স)- বিদেশে কর্মরত নিজ দেশের নাগরিকের ওপর থেকে আয়কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার সরকার।
এতে করে শ্রম মন্ত্রণালয়ে নিবন্ধিত ৬ লাখ ৭ হাজার কর্মী দুইবার করে আয়কর দেওয়া থেকে রক্ষা পাবে। আর সরকারের এ সিদ্ধান্তের ফলে অনিবন্ধিত ২৫ লাখেরও বেশি কর্মীকে নিবন্ধনের বিষয়ে উৎসাহিত করতে পারবে বলেও আশা করা হচ্ছে।
নতুন এই আয়কর আইন নতুন বছরের প্রথমদিন ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
দেশটির নয়া প্রেসিডেন্ট থিয়েন শিয়েন ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতিসহ শ্রম বিষয়ক যেসব নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছেন, এটি তার সর্বশেষ সংযোজন।
গত অক্টোবর মাসে শ্রম আইন বিধিবদ্ধ করার পর থেকে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ে নিবন্ধিত না হওয়ায় মিয়ানমারের অনেক কর্মী খুবই কম পারিশ্রমিকে মানবেতর পরিবেশে কাজ করতে বাধ্য হয়। এমনকি কখনও কখনও নিয়োগদাতার বিরূপ আচরণ এবং পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের চাঁদাবাজির শিকারও হয় তারা।
মূলত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটানো এবং দেশটিতে দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যেই বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে দীর্ঘদিন ধরে সামরিক শাসনে থাকা মিয়ানমার।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এফএফ/সিআর/১৪৫৮ ঘ.
bdnews24