বাগদাদ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেথ স্কোয়াড পরিচালনার অপরাধে অভিযুক্ত ইরাকের সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল-হাশেমিকে বিচার বিভাগের কর্মকর্তাদের হাতে হস্তান্তরের জন্য বুধবার কুর্দি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন দেশটির শিয়া প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি।
সন্ত্রাসী ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে সোমবার হাসেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরাকি সরকার।
শীর্ষ রাজনৈতিক নেতাদের হত্যার পরিকল্পনা ও বোমাবাজির লক্ষ্যে হাশেমির দপ্তর সুসাইড স্কোয়াড পরিচালনা করতো বলে অভিযোগ রয়েছে।
এ অভিযোগে মালিকির কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর হাশেমি আধা-স্বায়ত্বশাসিত এলাকা কুর্দিস্তানে চলে যান।
কুর্দিস্তান সুন্নি অধ্যুষিত হওয়ায় শিয়া সরকারের বিচারের হাত থেকে বাঁচতে তিনি সেখানে আশ্রয় নিয়েছেন।
ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরপরই এ ঘটনায় দেশটিতে প্রবলভাবে সা¤প্রদায়িক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।
মালিকি এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা কুর্দিস্তান এলাকার ভাইদের প্রতি ফেরারি ওই ব্যক্তির দায়িত্ব নেওয়া ও তাকে বিচার বিভাগে হস্তান্তরের আহ্বান জানিয়েছি। তার অন্য রাষ্ট্রে পালিয়ে যাওয়া সমস্যা সৃষ্টি করবে।”
অন্যদিকে, নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখান করেছেন হাশেমি। অভিযোগটিকে সাজানো ও প্রধানমন্ত্রী নুরি আল মালিকির ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন তিনি।
মঙ্গলবার স্বায়ত্বশাসিত কুর্দি এলাকার রাজধানী আর্বিলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ঘটনার বিষয়ে তিনি আরবলীগের কাছে নালিশও জানিয়েছেন এবং ‘বিদেশি চরদের’ নিন্দা জানিয়েছেন।
এর আগে ইরাকি টেলিভিশনে হাশেমির একজন দেহরক্ষীর স্বীকারোক্তি প্রদর্শন করা হয়, যেখানে ওই দেহরক্ষী হত্যাকান্ড ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। ওই দেহরক্ষী আরো জানায়, তাদের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হাশেমি জড়িত।
ওই স্বীকারোক্তি প্রচারের পর ভাইস প্রেসিডেন্ট হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সরকার।
হাশেমির সুন্নি সমর্থিত দল ইরাকিয়া রাজনৈতিক জোটের প্রধান সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবি হাশেমির দেহরক্ষীর স্বীকারোক্তিকে “সাজানো” উলে¬খ করে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/এলকিউ/২১১৯ঘ.
bdnews24