ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের ন্যাশনাল আর্কাইভের সংগ্রহে থাকা ৮০ বছরের পুরোনো নথিপত্রের মধ্যে মাদকদ্রব্য হেরোইনের একটি প্যাকেট পাওয়া গেছে।
আর্কাইভ কর্তৃপক্ষ জানায়, ১৯২৮ সালে কায়রোর ব্রিটিশ দূতাবাসে একটি মামলার নথির সঙ্গে ‘ক্লাস এ’ মানের এসব মাদকদ্রব্য জমা পড়েছিলো।
প্রদর্শনীর জন্য রাখা নথিগুলো বিশ্লেষণের জন্য পাঠানো হলে বিশ্লেষক দলের এক সদস্য সাদা রংয়ের গুঁড়োগুলো খুঁজে পায় বলে জানায় বিবিসি।
হেরোইন বলে নিশ্চিত হওয়ার পর এগুলো মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্যাকেটটির মধ্যে ১৯টি ছোট প্যাকেটের প্রতিটিতে এক গ্রামেরও কম পরিমাণ হেরোইন ছিল।
আর্কাইভ কর্তৃপক্ষ জানায়, ওইসব হেরোইনের একটি ছবি নথিটির সঙ্গে সংযুক্ত করে প্রদর্শনীর জন্য তা ফেরত পাঠানো হয়েছে।
ন্যাশনাল আর্কাইভের পরিচালক জেফ জেমস বলেন, আর্কাইভের ১ কোটি ১০ লাখ বিভিন্ন ধরনের বিশাল সংগ্রহের ভেতরে বিভিন্ন সময়ে আকস্মিকভাবে অনেক মূল্যবান বস্তুও খুঁজে পাওয়া গেছে। তবে এ ধরনের কিছু খুঁজে পাওয়া বেশ দুর্লভ ব্যাপার।
ব্রিটিশ ন্যাশনাল আর্কাইভে এক হাজার বছরের পুরনো বস্তুও রয়েছে। এর আগে ‘এমআই ফাইভ’ নথি, ডুমস ডে বুক ছাড়াও একটি মমি করা ইঁদুর ও লাল রংয়ের ঘুমের পোশাকও পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪২০ ঘ.
bdnews24